‘আইসিটি বিজনেস পারসন অব দ্য ইয়ার’ বিকাশ প্রতিষ্ঠাতা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অগ্রণী ভূমিকা ও অবদানের জন্য ‘আইসিটি বিজনেস পারসন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কামাল কাদীর।

রাজধানীর একটি হোটেলে গত সোমবার ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার আয়োজিত ‘আইসিটি অ্যাওয়ার্ড-২০২১’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী পুরস্কারটি তুলে দেন। বিকাশের ৫ কোটি ৭০ লাখ গ্রাহক আছে জানিয়ে বৈচিত্র্যময় সেবা এবং আর্থিক অন্তর্ভুক্তিকে মজবুত ভিত্তি দেওয়ার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে। দেশের সবচেয়ে বড়  মোবাইল আর্থিক সেবাদানকারী এই প্রতিষ্ঠান সহজ, স্বাচ্ছন্দ্যময়, নিরাপদ আর্থিক  সেবা নিশ্চিত করে মানুষের লেনদেনে সক্ষমতা ও স্বাধীনতা এনে দিয়েছে।

ষষ্ঠবারের মতো আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির  প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক নিয়াজ আহমেদ খান, ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার মো. সাব্বির হোসেন। বিজ্ঞপ্তি