পটুয়াখালীর দুমকিতে রাতের খাবার খেয়ে একই পরিবারের ছয়জন অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের চাকলাদার বাড়িতে ঘটনাটি ঘটেছে।
গুরুতর অসুস্থদের দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ ব্যক্তিরা হলেন- মো. সুজন চাকলাদার (২৩), মো. সোহাগ চাকলাদার (১৮), রাইশা মনি (৯), মো. শাহাবুদ্দিন চাকলাদার (৪৫), নিলুফা বেগম (৪২) ও মরিয়ম বেগম (৩৭)।
স্থানীয় নারী ইউপি সদস্য জান্নাতুল ফেরদৌসী জানান, ঘটনার দিন ওই পরিবারের ৭ জন সদস্যের মধ্যে ৬ জন রাতের খাবার খেয়ে অসুস্থ হয়েছে। রাতের খাবার না খাওয়া একজন সদস্য সম্পূর্ণ সুস্থ আছেন।
এদিকে অসুস্থতার সুযোগে ওইরাতে পরিবারের কর্তাব্যক্তি মো. শাহাবুদ্দিন চাকলাদারের পকেটে থাকা প্রায় ৮৬ হাজার টাকা খোয়া গেছে। কোনো দুর্বৃত্ত চক্র খাদ্যে নেশাদ্রব্য মিশিয়ে ওই টাকাগুলো চুরি করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে দুমকি থানায় মৌখিকভাবে জানানো হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালাম বলেন, মৌখিকভাবে জেনেছি, তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।