জাকিরের সেঞ্চুরি, ফাইনালে মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল

বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ওয়ালটন মধ্যাঞ্চল ও বিসিবি দক্ষিণাঞ্চলের মধ্যকার ম্যাচ অনুমিতভাবেই ড্র হয়েছে। সুবাদে দুই দলেরই ফাইনাল খেলা নিশ্চিত হয়েছে।

ড্র হওয়ার আগে বুধবার চতুর্থ দিনে সেঞ্চুরি হাঁকিয়েছেন দক্ষিণাঞ্চলের জাকির হাসান। বাঁহাতি ব্যাটার খেলেছেন ১৮৫ বলে ১০৯ রানের ইনিংস। হাঁকান ৯ চার ও ২ ছক্কা।

আগের দিন অমিত হাসান ১১৭ ও তৌহিদ হৃদয় ১২২ রানের ইনিংস খেলেন। এদিন ৫ উইকেটে ৩৮১ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণাঞ্চল জাকিরের সেঞ্চুরিতে অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে ৪৯৪ রান তুলে।

দ্বিতীয় ইনিংস শুরু করে ম্যাচ ড্র হওয়ার আগে ৪ উইকেটে ৯৯ রান তুলে মধ্যাঞ্চল। সৌম্য সরকারের ১৫০ ও শুভাগত হোমের ১৫২ রানে ভর করে প্রথম ইনিংসে দলটি করেছিল ৪৮১ রান।

ম্যাচটিতে হার এড়ানোয় মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল- দুই দলেরই আসরের ফাইনাল নিশ্চিত হয়। রবিবার থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।