খাবার তৈরির সময় সেটি পুষ্টিকর কি না, সেদিকে খেয়াল বেশি রাখা হয়। কিন্তু কোন পাত্রে রান্না হচ্ছে সে নিয়ে তেমন কেউ হয়তো আগ্রহ দেখান না। অথচ যাতে রান্না হচ্ছে সেটাই যদি স্বাস্থ্যসম্মত না হয়, তাহলে শরীর খারাপ হতেও সময় লাগে না। জেনে নিন কোন পাত্র রান্নার জন্য কেমন স্বাস্থ্যসম্মত
স্টেইনলেস স্টিল : স্টেইনলেস স্টিলে রান্না করলে খাবারের গুণ প্রায় ৭০-৮০ শতাংশ ধরে রাখা সম্ভব। তবে নিকেল কিংবা ক্রোমিয়াম কোটিং দেওয়া পাত্র কিনবেন না। এগুলো রান্নার সময় খাবারের সঙ্গে মিশে ক্ষতির কারণ হতে পারে।
কাস্ট আয়রন : কাস্ট আয়রনের পাত্রগুলো ভারী হলেও রান্নার জন্য বেশ স্বাস্থ্যকর। দ্রুত গরম হয় বলে এই পাত্রে রাঁধতে সময় লাগে খুবই কম। গ্রিলড ফুড বা শ্যালো ফ্রায়েড খাবার পছন্দ হলে রান্নার জন্য এ ধরনের পাত্র ব্যবহার করতে পারেন।
পিতল কিংবা কাঁসা : বর্তমান আধুনিক জীবনযাপনে পিতল কিংবা কাঁসার পাত্রের তেমন ব্যবহার নেই। তবে এ ধরনের বাসনপত্রে রান্না করলে খাবারের খাদ্যগুণ ৯৭ শতাংশ পর্যন্ত অটুট থাকে।
কাচ : যত উচ্চ তাপমাত্রাতেই ব্যবহার করা হোক না কেন, কাচের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। মাইক্রোওয়েভ ওভেনে রান্না বা খাবার তৈরির জন্য কাচের তৈরি পাত্র ব্যবহার করুন। তবে এ ধরনের পাত্র কখনো সরাসরি গ্যাসে বসিয়ে রান্না করতে পারবেন না।
মাটি : মাটির বাসন গরম হতে খুব সময় নেয়, তাই খাবারের মধ্যে ময়েশ্চার ধরে রেখে তা খাবারের পুষ্টিগুণ বজায় রাখতে সাহায্য করে। তবে খেয়াল রাখবেন, মাটির বাসন কেনার সময় আনগ্লেজড বাসন কিনবেন। গ্লেজিং করার সময় যে উপাদান ব্যবহার করা হয়, তা স্বাস্থ্যকর না-ও হতে পারে।