চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হযরত আলী (৫৬)। তিনি ওই গ্রামের মৃত রহিছ উদ্দিনের ছেলে। তিনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তথ্যদাতা (সোর্স) ছিলেন বলে পরিবার ও পুলিশ সূত্র জানিয়েছে।
হযরত আলীর ছেলে তৌফিক হোসেন সাংবাদিকদের জানান, রাত পৌনে ১টার দিকে বিকট শব্দে তার ঘুম ভাঙে। পরে পাশের কক্ষে তার বাবার গোঙানির আওয়াজ শুনতে পান। গিয়ে দেখেন তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। পরে মোটরসাইকেলে করে হযরত আলীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। রাত পৌনে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তৌফিক বলেন, তার বাবা বিজিবির সোর্স হিসেবে কাজ করতেন। সে কারণে সীমান্ত এলাকার চোরাকারবারিরা তাকে হত্যা করে থাকতে পারে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন জানান, হযরত আলীর মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে।
দর্শনা থানার ওসি এ এইচ এম লুৎফুল কবীর জানান, অজ্ঞাত পরিচয় কয়েক ব্যক্তি আসামি করে হযরাত আলীর মেয়ে সুমি খাতুন একটি হত্যা মামলা দায়ের করেছে। কে বা কারা এই হত্যাকা- ঘটিয়েছে পুলিশ তদন্ত করছে। অভিযুক্তদের দ্রুত আটক করা হবে।