ফেনীতে ১৪৪ ধারা ভেঙে বিএনপির পথসভা-মিছিল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতির দাবিতে গতকাল বুধবার বিএনপি আরও তিন জেলা সমাবেশ করেছে। ফেনীতে ১৪৪ ধারা জারি করা হলেও নিষেধাজ্ঞা ভেঙে দলটির নেতাকর্মীরা মিছিল ও পথসভা করেছে। শহরের রামপুর তাকিয়া রোডে বিএনপির নেতাকর্মীরা কাফনের কাপড় পরে মিছিল ও ইসলামপুর রোডের অস্থায়ী কার্যালয়ের সামনে পথসভা করে। এ সময় পুলিশের সঙ্গে দলটির নেতাদের ধস্তাধস্তি, ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

ফেনী : পথসভায় সংক্ষিত বক্তব্য রেখে স্থান ত্যাগ করার সময় বিএনপির নেতা-কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এসময় দুই পথচারী আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে আহতদের নাম জানা যায়নি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, ফেনী ওয়াপদা মাঠসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে শহরজুড়ে পুলিশের টহল বাড়ানো হয়েছে।

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, একই স্থানে বিএনপি ও যুবলীগের সভা আহ্বান করায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় শহর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ বন্ধে ১৪৪ ধারা জারি রয়েছে। বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ফেনী শহর ও পৌর এলাকায় এই ১৪৪ ধার বলবৎ থাকবে। ১৪৪ ধারা বাস্তবায়নে এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তদারকি করছেন।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, বিএনপির সমাবেশ হওয়ার কথা ছিল গত মঙ্গলবার বেলা দুইটায়। জেলা প্রশাসন শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ওয়াপদা মাঠ ব্যবহারের অনুমতি দেয়। কিন্তু ফেনীর সাবেক সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল হাজারীর আকস্মিক মৃত্যু ও দাফনের জন্য বিএনপির সমাবেশের অনুমতি থাকা সত্ত্বেও স্থগিত ঘোষণা করে। এ জন্য মঙ্গলবারের সমাবেশ বুধবার বেলা ২টায় ঘোষণা করা হয়।

ঝিনাইদহ : ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠে জেলা বিএনপির আহ্বায়ক এস এম মশিয়ুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেন, ‘এখন আমাদের সময় এসেছে, এ সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী সরকারকে আন্দোলনের মাধ্যমে হটাতে হবে।’

নরসিংদী : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ  চৌধুরী বলেছেন, যারা ভোট ডাকাতিতে শরিক হতে চায়, তারাই রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে। গণতন্ত্রের মা’কে মুক্ত না করে বিএনপি কোনো প্রহসনের নির্বাচনে অংশ নেবে না। গতকাল বিকেলে নরসিংদীর চিনিশপুরে বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থাানীয় প্রশাসনের কাছে অনুমতি চেয়ে না পেয়ে সকাল থেকেই বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এসে জড়ো হন। সভার অনুমতি না দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। তবে শেষ পর্যন্ত পুলিশের বিনা বাধায় জনসভাটি শেষ হয়।

নোয়াখালী : মাইজদী বাজারের নোয়াখালী পৌরসভা গেট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি যদি চোরকে, ডাকাতকে ও সন্ত্রাসীদের আপনি মাফ করে বিদেশে পাঠিয়ে দিতে পারেন, খালেদা জিয়ার স্বামী স্বাধীনতার ঘোষক, সেই খালেদা জিয়া কেন আজ চিকিৎসার অভাব বোধ করবেন?’

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম প্রমুখ।

সারা দেশে আজ মানববন্ধন : দেশের সব মহানগর ও জেলা পর্যায়ে আজ বৃহস্পতিবার মানববন্ধন করবে বিএনপি। কেন্দ্রীয়ভাবে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করবে দলটি। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮  সালের ৩০ ডিসেম্বর ক্ষমতাসীন আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করে ২৯ ডিসেম্বর দিবাগত রাতে নিজেরাই ভোটের বাক্স পূর্ণ করে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে। নিশিরাতে ভোটাধিকার হরণের তৃতীয় বার্ষিকী উপলক্ষে বিএনপি এ কর্মসূচি পালন করবে।

(প্রতিবেদনে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক ও -সংশ্লিষ্ট জেলা প্রতিনিধিরা)