ডেল্টার ধ্বংসযজ্ঞ থেকে ওমিক্রনের চোখ রাঙানি

শেষ হচ্ছে ঘটনাবহুল আরেকটি বছর। করোনা মহামারীর ব্যাপক সংক্রমণের মধ্যেও ২০২১ সালে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা দেখেছে বিশ্ব। রাজনৈতিক পটপরিবর্তন থেকে শুরু করে খেলাধুলা, বিজ্ঞান, প্রযুক্তি জগতে এ বছর সাড়া জাগানো ঘটনা ঘটে। প্রভাবশালী ব্যক্তিদের জীবনেও ঘটে অপ্রত্যাশিত ঘটনা। লিখেছেন তৃষা বড়ুয়া

করোনাভাইরাস

২০২০ সালের মতো এ বছরও মানুষের মনোযোগের বড় অংশ জুড়ে ছিল করোনাভাইরাস। বছরের প্রথম ধাপে করোনাভাইরাসের ডেল্টা ধরনে বিপর্যস্ত ছিল জনজীবন। সংক্রমণরোধে দেশে দেশে আরোপ করা হয় কঠোর নিষেধাজ্ঞা, ছিল ভ্রমণে কড়াকড়ি। দ্রুত সময়ের মধ্যে উদ্ভাবিত করোনাপ্রতিরোধী টিকা বছরের শুরুতেই দেওয়া শুরু হয়। ডেল্টার প্রকোপ বছরের মাঝামাঝি সময়ের পর কমতে না কমতে ভাইরাসটির আরেক ধরন ওমিক্রন শনাক্ত হয় বেশ কয়েকটি দেশে। যুক্তরাষ্ট্র, চীন, ভারত, ইউরোপের কয়েকটি দেশে সংক্রমণ বাড়ছে, আসছে মৃত্যুর খবরও। করোনার নতুন নতুন ধরনের আঘাতে অবশ্য থেমে থাকেনি বৈশ্বিক রাজনীতির পথচলা। দক্ষিণ এশিয়া থেকে শুরু করে পশ্চিমা দুনিয়ায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে এ বছর।

বাইডেনের অভিষেক

গত বছরের ৩ নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। বছরের শুরুতে ২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে অভিষেক অনুষ্ঠানে শপথ নেন বাইডেন ও তার রানিং মেট ক্যালিফোর্নিয়ার সিনেটর ভারতীয়-বংশোদ্ভূত কমলা হ্যারিস। অনুষ্ঠানের দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ট্রাম্পের সমর্থকদের তাণ্ডব ও করোনাভাইরাসের বিধিনিষেধের কারণে অভিষেকে জনসমাগম ছিল তুলনামূলকভাবে কম।

তালেবানের প্রত্যাবর্তন

এ বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত দেয়। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশটিতে সন্ত্রাস দমনের নামে মার্কিন সরকারের দীর্ঘ ২০ বছরের যুদ্ধের ইতি টানার ঘোষণা দেন তিনি। বাইডেনের এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয় ন্যাটোভুক্ত অন্য দেশগুলো। এপ্রিলে বাইডেনের ওই ঘোষণার পরপরই আফগানিস্তানের একের পর এক প্রদেশ নিজেদের দখলে নেয় তালেবান। আগস্টের প্রথম সপ্তাহেই দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে ৩৩টিই তালেবানের নিয়ন্ত্রণে চলে যায়। ১৫ আগস্ট সকালে রাজধানী কাবুল চারদিকে ঘিরে ফেলে সংগঠনটি। পশ্চিমা মদদপুষ্ট আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ওই দিনই জনগণকে কিছু না জানিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান। আর বিনা বাধায় দুই দশক পর ফের আফগানিস্তানের ক্ষমতায় বসে কট্টর ইসলামপন্থি সংগঠন তালেবান।

জলবায়ু সম্মেলন

৩১ অক্টোবরে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ ২৬ শুরু হয়। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে সীমাবদ্ধ রাখার লক্ষ্যে আয়োজিত সম্মেলনটিতে বিশ্বের প্রায় ২০০ দেশের নেতা অংশ নেন। জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় গত কয়েক বছরে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি, মেরু অঞ্চলে বরফ গলা, বন্যা, দাবানলসহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা বেড়েছে। জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় সম্মেলনটি ছিল গুরুত্বপূর্ণ কারণ অংশগ্রহণকারী দেশগুলো ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ কমানোর মাধ্যমে পৃথিবীর উষ্ণতা হ্রাসে কীভাবে ভূমিকা রাখবে, তার পরিকল্পনা তুলে ধরার কথা ছিল। সম্মেলনে ক্ষমতাধর দেশের নেতারা কার্বন নিঃসরণ কমানোয় প্রত্যাশা অনুযায়ী অঙ্গীকার না করলেও জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোসহ আরও কয়েকটি প্রতিশ্রুতি দেন।

বার্সা ছাড়লেন মেসি

লাখ লাখ ভক্তকে কাঁদিয়ে বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ভাঙতে বাধ্য হন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। আগস্টের ৫ তারিখে বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়, ক্লাব ও মেসি চুক্তি নবায়ন করতে চাইলেও আর্থিক ও কাঠামোগত প্রতিবন্ধকতার কারণে তা সম্ভব হচ্ছে না। বার্সার সঙ্গে চুক্তি নবায়ন না হওয়ায় মেসি কোন ক্লাবে যাবেন তা নিয়ে এরপর জল্পনা-কল্পনা শুরু হয়। ফরাসি ক্লাব পারি সাঁ-জেরমাঁ (পিএসজি) ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে মেসির আলোচনা চলছিল। ১০ আগস্ট দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন কিংবদন্তিএই ফুটবলার।

বিল-মেলিন্ডার ডিভোর্স

এ বছর বিশ্বের দ্বিতীয় সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটসের সঙ্গে স্ত্রীর ছাড়াছাড়ি হয়। ৩ মে ২৭ বছরের বৈবাহিক জীবনের ইতি টানার ঘোষণা দেন মাইক্রোসফট করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। বিচ্ছেদের কথা জানিয়ে টুইটারে এই দম্পতি যৌথভাবে জানান, চলমান সম্পর্ক নিয়ে দীর্ঘ চিন্তা-ভাবনার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। ডিভোর্সের সিদ্ধান্ত নিলেও একসঙ্গে জনহিতৈষীমূলক কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বিল ও মেলিন্ডা। ২ আগস্ট তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।

চীন-ভারত উত্তেজনা

গত বছরের ৫ মে লাদাখ-সিকিম সীমান্ত এলাকায় চীন ও ভারতের সেনাদের সংঘর্ষে উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটে। এ নিয়ে উত্তেজনা গত বছর গড়িয়ে এ বছরও দেখা যায়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের বরাতে দেশটির গণমাধ্যম জানায়, অক্টোবরের শুরুর দিকে অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডে চীনের প্রায় দুইশো সেনা ঢুকে পড়ে। ওই সময় তারা এক বাঙ্কার ভাঙারও চেষ্টা করে। অনুপ্রবেশের খবর পেয়ে ভারতীয় সেনারা ঘটনাস্থলে পৌঁছে চীনের কয়েকজন সেনাকে আটক করে। পরে সীমান্তবর্তী এলাকায় দুই দেশের সেনা কর্মকর্তাদের বৈঠক হয়। বৈঠকের পর সেনারা নিজ নিজ অবস্থানে ফিরলেও ঘণ্টাখানেক পর ফের তাদের মধ্যে সংঘর্ষ বাধে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

করোনা জৈব অস্ত্র নয়

করোনাভাইরাসকে জৈব অস্ত্রের আকারে চীন বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে বলে বেশ কয়েকবার অভিযোগ করে যুক্তরাষ্ট্র। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ভাইরাসটির উৎস অনুসন্ধানে জানুয়ারিতে চীনের উহান শহরে যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞ দল। চার সপ্তাহ সেখানে অবস্থানের পর ৩০ মার্চ এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে দলটি। তাদের ভাষ্য, ল্যাব থেকে করোনা ছড়ানোর সম্ভাবনা খুব কম। মধ্যবর্তী প্রাণী বাহকের মাধ্যমে এটি মানবদেহে ছড়ানোর সম্ভাবনা বেশি। তাদের প্রতিবেদনে অসন্তোষ জানিয়ে আরও অনুসন্ধানের দাবি জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্যান্য দেশের নেতারা। অক্টোবরের শেষের দিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ডব্লিউএইচওর বিশেষজ্ঞ দলের সঙ্গে একমত পোষণ করে জানায়, জৈব অস্ত্র হিসেবে ব্যবহারের লক্ষ্যে করোনাকে সৃষ্টি করা হয়নি। এর উৎস সম্পর্কে হয়তো কখনোই কিছু জানা যাবে না।

ডেল্টায় ব্যাপক প্রাণহানি ভারতে

ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনার ডেল্টা ধরন এ বছরের এপ্রিল ও মে মাসে বিশ্বে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। ডেল্টার আঘাতে ভারতে করোনায় মৃত্যুহারে উল্লম্ফন ঘটে। বিশেষ করে মহারাষ্ট্র, কেরালা, কর্নাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লি রেকর্ড সংক্রমণ ও মৃত্যু দেখে। ওই সময় ভাইরাসটিতে মৃত্যুর দিক থেকে বিশ্বে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই উঠে আসে ভারতের নাম। অবস্থা একপর্যায়ে এতটাই বিপর্যস্ত হয়ে পড়ে যে, করোনায় মৃতদের সৎকারের জায়গার তীব্র সংকট দেখা দেয়। সারিবদ্ধ চিতায় দাউ দাউ আগুন জ্বলছে এমন ছবি বিশ্বমিডিয়ার শিরোনাম হয়।

সৌদিতে কনসার্ট

 ২০১৭ সালে সৌদি আরবের যুবরাজ হন মোহাম্মদ বিন সালমান। ক্ষমতা পাওয়ার পরপরই দেশে বেশ কিছু সংস্কারমূলক কাজ করেন তিনি। তেলের ওপর নির্ভরতা কমাতে সৌদি আরবের অর্থনীতি ঢেলে সাজান সালমান। বিনিয়োগ বাড়ান পর্যটন, বিনোদন, খেলাধুলাসহ অন্যান্য খাতে। রক্ষণশীল সমাজব্যবস্থা থেকে উদারনৈতিক পথে হাঁটা সৌদি আরবে এখন নারীরা গাড়ি চালাতে পারেন, আগের মতো জনসম্মুখে বোরখা পরার কড়াকড়ি নেই, হলে গিয়ে সিনেমা দেখতে পারছেন নারী-পুরুষ। সংস্কারধর্মী এসব পদক্ষেপের ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর রাজধানী রিয়াদে আয়োজন করা হয় বিশাল সংগীত উৎসবের, যাতে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেয় সাত লাখের বেশি তরুণ-তরুণী। জমকালো সেই উৎসবে সংগীত পরিবেশন করেন দেশ-বিদেশের দুশোর মতো বিখ্যাত ডিজে ও সংগীতশিল্পী। উৎসবের চারদিন নাচে-গানে তরুণ-তরুণীরা সৌদি আরব কাঁপিয়ে দেন।

ইসরায়েল-মধ্যপ্রাচ্য সম্পর্ক

এ বছরের জুনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হন দেশটির ডানপন্থি দল ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেট। এর মধ্য দিয়ে ১২ বছর ধরে শাসন করা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুগের অবসান ঘটে। ক্ষমতায় বসার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারের উদ্যোগ নেন বেনেট। গত বছর ফিলিস্তিনের সমালোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। সম্পর্ক আরও গতিশীল করার লক্ষ্যে এ বছরের ৩০ সেপ্টেম্বর বাহরাইনে যান ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ। ওই সফরে বাহরাইনের রাজধানী মানামায় ইসরায়েলি দূতাবাস উদ্বোধন করেন লাপিদ। এরপর ১২ ডিসেম্বর আমিরাত সফরে যান বেনেট। তার আগে ইসরায়েলের কোনো সরকারপ্রধান আমিরাত সফর করেননি। এ ছাড়া অক্টোবরে পাঁচ দিনের সফরে ইসরায়েলে যান ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। সেখানে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন তিনি।

মঙ্গলে নাসার রোভার

সাড়ে ৬ মাস ধরে মহাশূন্য ভ্রমণের পর ১৮ ফেব্রুয়ারি মঙ্গল গ্রহে অবতরণ করে নাসার রোভার পারসিভারেন্স। গত বছরের ৩০ জুলাই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ কার্নিভাল এয়ারফোর্স স্টেশন থেকে মঙ্গলের উদ্দেশে প্রাণের সন্ধানে যাত্রা করে রোভারটি। উৎক্ষেপণ থেকে শুরু করে অবতরণ পর্যন্ত পারসিভারেন্স পাড়ি দেয় ৪ কোটি ৮০ লাখ কিলোমিটার পথ। মঙ্গল গ্রহের জেজেরো ক্রেটারে পারসিভারেন্সকে অবতরণ করান নাসার বিজ্ঞানীরা। তাদের ভাষ্য, জেজেরো ক্রেটারে সাড়ে তিন বিলিয়ন বছর আগে বিশাল হৃদ ছিল। এ কারণে ওই অঞ্চলে জীবাশ্ম পাওয়ার সম্ভাবনা বেশি। নাসার এই প্রকল্পে যুক্ত রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের চার নাগরিক। এদের মধ্যে দুজন বিজ্ঞানী বাঙালি।

ভারতে কৃষি আইন বাতিল

বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের দাবিতে এক বছরের বেশি সময় ধরে টানা আন্দোলন করেন ভারতের কৃষকরা। তাদের ভাষ্য ছিল, নতুন কৃষি আইন কৃষকদের লোকসানে ফেলবে। এ আইনে ফসলের মূল্য নিয়ন্ত্রণের ক্ষমতা চলে যাবে বড় বড় করপোরেট কোম্পানির কাছে। ভারত সরকার এই আইনের ফলে কৃষকদের কাছ থেকে ফসল কিনতে বাধ্য নয়, বাজারের ওপর তার নিয়ন্ত্রণও থাকবে না। কৃষকদের আন্দোলনের চাপে একপর্যায়ে নতি স্বীকারে বাধ্য হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯ নভেম্বর কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। 

মিয়ানমারে সামরিক অভ্যুত্থান

মিয়ানমারে গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে বড় ধরনের জয় পান ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেতা শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি। ওই নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ১ ফেব্রুয়ারি সু চি, মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্টসহ এনএলডির কয়েকশো নেতাকে গ্রেপ্তার করে দেশটির সেনাবাহিনী। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ওই দিনই মিয়ানমারের ক্ষমতায় বসে সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সেনাবাহিনী। সু চিসহ সব নেতাকে মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এরপরই রাজপথে নামে মিয়ানমারের লাখো মানুষ। প্রাণ হারায় শত শত মানুষ। গ্রেপ্তারের পর সু চির বিরুদ্ধে একাধিক মামলা করে সেনাশাসকরা। এগুলোর মধ্যে নির্বাচন চলাকালে করোনার স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার রায় হয় ৬ ডিসেম্বর। রায়ে সু চিকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ফেইসবুকের নাম বদল

অক্টোবরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকের বিরুদ্ধে বিভাজন সৃষ্টি, শিশুদের ক্ষতিসাধন, নিরাপত্তার চেয়ে মুনাফাকে অগ্রাধিকার দেওয়া, গণতন্ত্র দুর্বলে ভূমিকা রাখাসহ বেশ কয়েকটি অভিযোগ তোলেন প্রতিষ্ঠানটির সাবেক প্রোডাক্ট ম্যানেজার ফ্রান্সেস হাউগেন। তার এসব অভিযোগ ফেইসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ প্রত্যাখ্যান করলেও হঠাৎ মাসের শেষে জানা যায়, ফেইসবুকের করপোরেট কোম্পানির নাম পাল্টে নতুন নাম রাখা হয়েছে মেটা।

দর্শকশূন্য প্রথম অলিম্পিক

জাপানে গত বছর অলিম্পিক গেমস হওয়ার কথা ছিল। তবে করোনা মহামারীর কারণে টোকিও অলিম্পিক এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়। এ বছরও শেষ পর্যন্ত অলিম্পিক গেমস হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। একপর্যায়ে জাপান সরকারের পক্ষ থেকে জানানো হয়, ২৩ জুলাই থেকে অলিম্পিক গেমস শুরু হবে, তবে তাতে কোনো দর্শক থাকবে না। খেলোয়াড় থেকে শুরু করে আয়োজকদের সবাইকে বাধ্যতামূলক করোনা টিকা নিতে হবে।