সিরাজগঞ্জে আ.লীগ-বিএনপি দফায় দফায় সংঘর্ষে আহত ৭০

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে সারা দেশে ‘ভোটাধিকার হরণ দিবস’ পালন করেছে বিএনপি। পাশাপাশি গতকাল বৃহস্পতিবার কয়েকটি জেলায় খালেদা জিয়ার মুক্তির দাবিতেও নানা কর্মসূচি ছিল দলটির। এসব কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান দলটির নেতাকর্মীরা। সিরাজগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ৭০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রাত ৮টা পর্যন্ত সেখানে দফায় দফায় সংঘর্ষে জড়ায় তারা। সংঘর্ষ চলাকালে শহরের কাটাখালী সেতু এলাকায় অস্ত্রহাতে কয়েকজন যুবককে দেখা যায়। তাদের ছবি রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, ‘সংঘর্ষ চলাকালে যদি কেউ অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে থাকে, ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

একই দিন কর্মসূচি চলাকালে খুলনায় ছুরিকাঘাতে আহত হয়েছেন এক যুবদলকর্মী। এছাড়া নারায়ণগঞ্জ ও ফরিদপুরে পুলিশের বাধায় কর্মসূচি করতে পারেনি স্থানীয় বিএনপি।

দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত : সিরাজগঞ্জ রণক্ষেত্র : খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর থেকে শুরু হওয়া এ সংঘর্ষ রাতে গড়ায়। দফায় দফায় এ সংঘর্ষের ঘটনায় অন্তত ৭০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

গতকাল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজ মাঠে এক সমাবেশের আয়োজন

করে জেলা বিএনপি। এ সমাবেশে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে যাওয়ার পথে কলেজ রোড এলাকায় আওয়ামী লীগের কর্মীদের বাধার মুখে পড়েন। এতে দুপক্ষে সংঘর্ষ বেধে যায়। উভয়পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় কলেজ রোড ও ইলিয়ট ব্রিজসহ কাটাখালির তিনটি ব্রিজ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

দফায় দফায় হওয়া সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর থেকে চলা সংঘাত সন্ধ্যার পরও চলে। সন্ধ্যায় বিএনপির একটি অংশ শহরের মালশাপাড়া এলাকার খেদন সরদারের মোড় থেকে চাঁন আলীর মোড় পর্যন্ত আধা কিলোমিটার সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। তারা একাধিক স্থানে অগ্নিসংযোগ করে। এতে ওই সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। যুবলীগের একটি অংশ সেখানে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দিলে উভয়পক্ষে আবার সংঘর্ষ হয়। উভয়পক্ষ ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে রাত পৌনে ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শারাফত হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সিরাজগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

ঘটনার বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে ইসলামিয়া কলেজ মাঠে আয়োজিত সমাবেশে মিছিল নিয়ে যাওয়ার পথে পূর্বপরিকল্পিতভাবে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায়। এতে উভয়পক্ষে সংঘর্ষ শুরু হয়। এ সময় ইটপাটকেলের আঘাতে আমাদের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। এদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে সিরাজগঞ্জ জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল বলেন, মিছিল নিয়ে সমাবেশে যাওয়ার পথে উসকানিমূলক স্লোগান দেয়। এছাড়া আমাদের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে হামলা-ভাঙচুর শুরু করে বিএনপির নেতাকর্মীরা। প্রতিবাদ করতে গেলে উভয়পক্ষের মধ্যে এ সংঘর্ষ বাধে। এতে আমাদের দলের অন্তত ২০-২৫ জন নেতাকর্মী আহত হয়। আহতদের কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনায় ছুরিকাঘাতে যুবদলকর্মী জখম : খুলনা মহানগর ও জেলা বিএনপির মানববন্ধন চলাকালে প্রতিপক্ষ গ্রুপের ছুরিকাঘাতে যুবদলকর্মী মেহেদী হাসান বাপ্পী (৩০) জখম হয়েছেন। গতকাল দুপুরে দলীয় কার্যালয়ের সামনে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। জখম যুবদলকর্মী বাপ্পী নগরীর খানজাহান আলী থানার মিরেরডাঙ্গা রং মিলগেট এলাকার মৃত আতাউল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভোটাধিকার হরণ দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুরে নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন চলাকালে প্রতিপক্ষ গ্রুপের কালা বাবু ও আলতাফের সঙ্গে মেহেদী হাসান বাপ্পীর কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে তারা ধারালো চাকু দিয়ে বাপ্পীর শরীরে দুটি আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় নেতাকর্মীরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি বর্তমানে সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি।

নারায়ণগঞ্জে মানববন্ধনে পুলিশের বাধা : ‘ভোটাধিকার হরণ দিবস’ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত মানববন্ধন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও বাগ্বিতন্ডার মধ্য দিয়ে পালিত হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদসংলগ্ন ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

বিএনপি নেতাদের অভিযোগ, মানববন্ধন কর্মসূচি শুরু হলে একপর্যায়ে পুলিশ এসে বাধা দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ মানববন্ধনের ব্যানার ও হ্যান্ডমাইক কেড়ে নিয়ে যায়।

তবে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রাকিবুজ্জামান বলেন, ‘তারা (বিএনপি) যে মানববন্ধন করেছে, কার পারমিশন নিয়ে করেছে? মন চাইলেই কি রাস্তায় দাঁড়িয়ে কর্মসূচির নামে যানজট সৃষ্টি করবে?’

ফরিদপুরে বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা : ফরিদপুরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালন শেষে বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশ বাধা দেয় দলটির নেতাকর্মীদের। বেলা সাড়ে ১১টার সময় বিএনপি ফরিদপুর শহরের কোর্ট চত্বরের ‘ভোটাধিকার হরণ’ দিবসের কর্মসূচি পালন করে।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিতি ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদারেস আলী ইছা, বিএনপি নেতা এবি সিদ্দিকী মিতুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।

খালেদার মুক্তি না হলে সরকার পতনের হুমকি : খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা না করলে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু।

গতকাল খাগড়াছড়ি আউটার স্টেডিয়ামে বিএনপির গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দুদু বলেন, ‘খালেদা জিয়া জীবনে কোনো নির্বাচনে পরাজয় বরণ করেননি। ৭১-এ স্বাধীনতার যুদ্ধে কারাগারে ছিলেন। এখন নিশিরাতের ভোটের সরকারের প্রতিহিংসার শিকার হয়ে কারাগারে মৃত্যুর সঙ্গে লড়ছেন।’

এর আগে সকাল থেকে জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনসহ বিভিন্ন উপজেলা থেকে বিএনপি নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জমায়েত হতে থাকেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।