১১ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ করোনা রোগী

দেশে করোনার সংক্রমণ বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় রোগী বেড়েছে ৩৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৫০৯ জন, যা গত ১১ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এ সময় মারা গেছে ৭ জন, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ২৫ নভেম্বর ৯ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ৫০৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর আগে সর্বশেষ ১৩ অক্টোবর এর চেয়ে বেশি রোগীর সংক্রমণ ধরা পড়েছিল। সেদিন শনাক্ত হয়েছিল ৫১১ জন রোগী। এরপর থেকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা পাঁচশর নিচেই ছিল। এ নিয়ে গতকাল পর্যন্ত দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৮৫ হাজার ২৭ জনে। তাদের মধ্যে ২৮ হাজার ৭০ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছে ৩৯৫ জন। তাদের নিয়ে ১৫ লাখ ৪৮ হাজার ৮১১ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠল।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। এ বছর ৩১ আগস্ট তা ১৫ লাখ পেরিয়ে যায়। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ৫ ডিসেম্বর কভিডে মৃত্যু ২৮ হাজার ছাড়িয়ে যায়। এর আগে ৫ আগস্ট ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।