সুদানের নর্থ দারফুর রাজ্যে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) গুদাম থেকে ১ হাজার ৭০০ টনের বেশি ত্রাণ লুট করেছে বন্দুকধারীরা। এ ঘটনায় ওই রাজ্যে কারফিউ জারি করেছে প্রশাসন। খবর আল-জাজিরার।
গত বুধবার এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, ৭ লাখ ৩০ হাজার দরিদ্র লোকের জন্য এক মাসের খাবার বরাদ্দ ছিল সেখানে। কিন্তু বিতরণের আগের রাতে সব লুট করা হয়।
স্থানীয় বাসিন্দাদের বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসইউএনএ জানিয়েছে, লুটপাটের সময় ঘটনাস্থলে তারা গুলির শব্দ পান। এর ফলে জরুরি সহায়তা যাদের প্রয়োজন তারা সংকটে পড়বেন।
জাতিসংঘের মানবিক সমন্বয়কারী খারদিয়াটা লো এন’দিয়া সুদানজুড়ে নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সম্পদ সুরক্ষা জোরদার করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের ত্রাণ লুটপাটের ঘটনায় নিন্দা জানিয়ে একে ‘বর্বর কাজ’ অ্যাখায়িত করেছেন দারফুর গভর্নর মিনি মিনাওয়াই। জড়িতদের বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দেন তিনি।