‘বাকি না দেওয়ায়’ মুদি দোকানিকে রড দিয়ে পিটিয়ে হত্যা

বাগেরহাট সদর উপজেলায় বাকিতে পণ্য বিক্রি না করায় মুদি দোকানিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে হজরত খানজাহান আলী মাজার এলাকায় এই ঘটনা ঘটে।

হত্যার পরপরই দোকান থেকে একজনকে পুলিশ আটক করেছে।

নিহত মল্লিক দেলোয়ার হোসেন (৫৫) সদর উপজেলার রণবিজয়পুর গ্রামে ইমান মল্লিকের ছেলে। তিনি বাগেরহাট সদর উপজেলার খানজাহান আলী মাজার এলাকায় মুদি দোকান চালাতেন।

আটক শেখ হ‌ুমায়ূন কবির (২২) পাশের সুন্দরঘোনা গ্রামের মহিদ শেখের ছেলে।

বাগেরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. রেফাতুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দেলোয়ারের দোকানে কেনাকাটা করতে যান কবির। বিভিন্ন পণ্য প্যাকেট করার পর টাকা না দিয়ে বাকি রাখতে চান কবির। দোকানি তাতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে কবির দোকানে থাকা লোহার রড দিয়ে মাথায় একাধিক আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে দেলোয়ারের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে কবিরকে ওই দোকান থেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পিটিয়ে হত্যা করার স্বীকার করেছেন বলে পুলিশ জানায়।

শুক্রবার দুপুরে নিহতের ময়নাতদন্ত বাগেরহাট সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।

এই ঘটনায় নিহতের ভাতিজা মল্লিক রাব্বী বাদী হয়ে কবিরের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।