ফরিদপুরে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে নগরকান্দার গজারিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরার শ্যামনগরের সাবিত হোসেন (১৭) ও নড়াইলের লোহাগড়ার সৌরভ হোসেন (১৬)।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আরিফ বলেন, খুলনা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের ভাঙ্গা থেকে সাতক্ষীরাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান সাবিত। অপরজন সৌরভকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।