পঞ্চগড়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

পঞ্চগড়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে সাতমেরা ইউনিয়নের সতরংপাড়া এলাকার জগদল-ভজনপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ হলেন মোছা. মোকছেদা (৩৫)। তার বাড়ি সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের গোয়ালঝাড় এলাকার বোদা পাড়া গ্রামে। তিনি ওই গ্রামের আজিজুল হকের স্ত্রী।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে বাবার বাড়ির উদ্দেশ্যে একটি ইজিবাইকে চড়ে রওনা দেন মোকছেদা। পথে সতরংপাড়া এলাকায় পৌঁছালে সেখানে মোকছেদার ওড়না ইজিবাইকের চাকায় পেঁচিয়ে গেলেও চালক ও যাত্রীরা বুঝতে পারেননি। একপর্যায়ে মোকছেদা ইজিবাইক থেকে পড়ে গিয়ে মাথা ও গলায় আঘাত পান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোকছেদাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা জানান, স্থানীয়দের কাছে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ সদস্যরা গিয়ে মোকছেদার লাশ দেখতে পান। গৃহবধূর পরিবারের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে বলে জানান তিনি।