প্রেমের সম্পর্ক ছিন্ন করার জেরে কলেজছাত্রীর নামে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মোহাম্মদ নুর উদ্দিন (২৯) নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে র্যাব।
তিনি সীতাকুন্ডের ভাটিয়ারী ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের মৃত মোহাম্মদ মিয়ার ছেলে এবং ভাটিয়ারী হাজ্বী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
শুক্রবার রাতে বাড়ির পার্শ্ববর্তী এইচ আকবর আলী সড়কে অবস্থিত সৈয়দ স্টোর নামের একটি স্টেশনারি দোকান থেকে নুর উদ্দিনকে আটক করে র্যাব-৭ এর একটি দল।
আটকের পর একই দিন রাতে ছাত্রীর বাবা বাদী হয়ে নুর উদ্দিনকে প্রধান আসামি করে সীতাকুন্ড থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে জানা যায়, ওই ছাত্রী বর্তমানে এইচএসসি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। কলেজে যাওয়া আসার পথে একই এলাকার হাজ্বী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুর উদ্দিন তাকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিতেন।
প্রথম দিকে রাজি না হলেও এক সময় তার প্রস্তাবে সাড়া দেন ওই ছাত্রী। সম্পর্ক চলাকালীন বিভিন্ন কৌশলে ছাত্রীর সাথে একাধিক দ্বৈত ছবি উঠান নুর উদ্দিন।
এর কিছুদিন পর একপর্যায়ে তার সাথে সম্পর্ক ছিন্ন করেন ওই ছাত্রী। মেয়েটির বিয়েও ঠিক করেন তার বাবা। এতে ক্ষিপ্ত হয়ে নানা হুমকি-ধমকি দেওয়াসহ কয়েকটি ফেসবুকে আইডি খুলে ওই ছাত্রীর নামে অপ-প্রচার চালাতে থাকেন নুর উদ্দিন ও তার কয়েকজন বন্ধু। ছাত্রীর বাবা পুরো বিষয়টি র্যাব-৭ এর এক কর্মকর্তাকে অবহিত করেন।
পরবর্তীতে শুক্রবার রাতে র্যাব-৭ এর একটি দল তাকে আটক করে থানায় সোপর্দ করে।
সীতাকুন্ড থানার ইন্সপেক্টর তদন্ত সুমন বণিক জানান, আসামিকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।