জামালপুরে মা মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

জামালপুরের মেলান্দহে মা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেলান্দহ হাইস্কুলের সামনে নিজ বাড়ি থেকে জয়ফল (৫০) ও তার মেয়ে স্বপ্নার (২৫) লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মৃত আকমল হোসেনের স্ত্রী জয়ফল ও তার মেয়ে স্বপ্না দীর্ঘদিন ধরে মেলান্দহ হাইস্কুলের সামনে গোবিন্দপুর এলাকায় থাকে। শনিবার সারা দিন জয়ফলের দুই ওমান প্রবাসী ছেলে মিলন ও মিস্টার ফোন দিয়ে তাদের মাকে না  পেয়ে সন্ধ্যায় মামা মানিককে ওই বাড়িতে পাঠায়। মানিক ওই বাড়িতে পৌঁছে সামনের  গেটে তালাবদ্ধ এবং বাড়ির পেছনের গেট দড়ি দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পান। পরে তিনি পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ঘরের ভেতর থেকে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করে।

মেলান্দহ থানার ওসি এম. এম. ময়নুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তাদের হত্যা করা হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। পরে তদন্ত সাপেক্ষে হত্যার রহস্য উদঘাটন করা হবে।