শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অব্যাহত থাকবে : কাদের

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের উন্নয়ন ও সমৃদ্ধির অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘গণমানুষের দল হিসেবে আওয়ামী লীগ নতুন বছরে নতুন আশা ও প্রত্যাশায় নয়া উৎসর্গীকৃত চেতনায় নবতর পথযাত্রার সূচনা করতে চায়।’ গতকাল শনিবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে দেশের জনগণের প্রত্যাশা ও স্বপ্নের সঙ্গে সঙ্গতি রেখে সকল কার্যক্রম এগিয়ে নিতে হবে। আওয়ামী লীগ আরও সুশৃঙ্খল, সুসংগঠিত, আধুনিক ও স্মার্ট রাজনৈতিক দল হিসেবে এ দেশের গণমানুষের স্বপ্ন পূরণে ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত রাখবে।’

অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগকে উন্নয়ন ও অগ্রগতির পথরেখায় ইতিবাচক ধারায় আরও বলিষ্ঠ ও বেগবান করার আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশের রাজনীতিতে অসাম্প্রদায়িক চেতনার সুবাতাস ছড়িয়ে দিতে আওয়ামী লীগ বদ্ধপরিকর।’