কালাইরাগ সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি যুবক লোকেশ রায় (৩৫) নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় সীমান্তের ১২৫১ নম্বর পিলারের পাশে সাদা পাথর এলাকা থেকে বিজিবির সহযোগিতায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে। লোকেশ রায় কালাইরাগ গ্রামের বিষ্ণু রায়ের ছেলে। কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, লোকেশ রায় ও শৈলেন চন্দ্র নামে দুই যুবক গত শুক্রবার সাদা পাথর এলাকার ভারতীয় অংশে চলে যান। ওই সময় তাদের লক্ষ্য করে ভারতীয় নাগরিকরা ছররা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে শৈলেন বাংলাদেশ অভ্যন্তরে ফিরে আসেন। আহত শৈলেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে লোকেশ রায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি। গতকাল সীমান্তের ১২৫১ নম্বর পিলারের কাছে লোকেশের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

ওসি জানান, লাশটি বাংলাদেশের প্রায় ১০ গজ অভ্যন্তরে পড়ে ছিল। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।