বিজয়ী হয়েই ২০ হাজার মানুষকে ভূরিভোজ করালেন চেয়ারম্যান

স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে বিজয়ী হওয়ায় প্রায় বিশ হাজার মানুষকে ভূরিভোজ করিয়েছেন মোহাম্মদ আওলাদ হোসেন নামে এক ব্যক্তি। এ জন্য তিনি ১০টি গরু জবাই করে ২৫০ ডেগ বিরিয়ানি রান্না করেন।

গত ১১ নভেম্বর আওলাদ হোসেন ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়লাভ করেন।

গত শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ধামরাইয়ের দেপশাই স্কুল মাঠে এ গণভোজের আয়োজন করা হয়।

জানা গেছে, চেয়ারম্যান তার পুরো ইউনিয়নবাসী ও সমর্থকদের গণভোজের জন্য ২৫০ ডেকেরও বেশি বিরিয়ানি খাবারের আয়োজন করেন। এই রান্না করেছেন নারী-পুরুষ মিলে ৯০ জন বাবুর্চি। যা প্রায় ২৭ হাজার মানুষকে খাওয়ানো হয়েছে। শুধু তাই নয় দূরদূরান্ত মানুষের জন্য পরিবহন ভাড়া করেও দেওয়া হয়েছে।

এই গণভোজের উদ্বোধন করেন ধামরাই ২০ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ।

 তিনি বলেন, ইতিপূর্বে অনেকেই চেয়ারম্যান হয়েছে। এখানে অনেক চেয়ারম্যানই উপস্থিতও আছে। এমন গণসংযোগ বা গণভোজ আগে কখনো হয়নি। ধামরাইয়ের ইতিহাসে এটাই প্রথম।

এ বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেন বলেন, গত ১১ নভেম্বর ধামরাই উপজেলা ইউপি নির্বাচনে সোমভাগ ইউনিয়নের জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করছেন। আমার জন্য অনেকই হুমকি-ধমকি ও মারও খেয়েছেন। আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন তারা। আমার ইউনিয়নবাসী আমার কাছে আজকের এই আয়োজনটা প্রাপ্য ছিল। এই আয়োজন তাই কম হয়ে গেছে।