৩ দেশের শুল্কমুক্ত বাণিজ্য-সুবিধা বাতিল করল যুক্তরাষ্ট্র

আফ্রিকার তিন দেশ ইথিওপিয়া, মালি ও গিনির শুল্কমুক্ত বাণিজ্য-সুবিধা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং সাম্প্রতিক সেনা অভ্যুত্থানের ঘটনায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর গত শনিবার বিবৃতিতে জানিয়েছে, ‘আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্টের’ (এজিওএ) অধীনে বাণিজ্য-সুবিধার শর্ত লঙ্ঘনের কারণে ওই তিন দেশের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট বাইডেন গত নভেম্বরে বলেছিলেন, তিগ্রাই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের কারণে ইথিওপিয়ার শুল্কমুক্ত বাণিজ্য-সুবিধা বাতিল হতে পারে। আর সাম্প্রতিক সামরিক অভ্যুত্থানের ঘটনায় মালি ও গিনির ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হতে পারে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে সবচেয়ে বড় ধাক্কা খাবে ইথিওপিয়ার বস্ত্রশিল্প। এই শিল্প বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের জন্য পোশাক তৈরি করে। তা ছাড়া হালকা প্রকৌশল শিল্পে ইথিওপিয়ার আঞ্চলিক কেন্দ্র হয়ে ওঠার স্বপ্নও হুমকিতে পড়বে।

দীর্ঘ যুদ্ধ আর রাজনৈতিক সংঘাতের ক্ষতি, করোনা মহামারী ও উচ্চ মূল্যস্ফীতির কারণে বেকায়দায় থাকা ইথিওপিয়ার অর্থনীতিকে নতুন করে চাপে ফেলবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত।