আন্তর্জাতিক মানের ডিজিটাল প্ল্যাটফর্ম হবে বিসিবির

ক্রিকেটের সেরা দলগুলোর স্বীকৃত ওয়েবসাইটে গেলে যে তথ্য চাই তা-ই মেলে। ক্রিকেট অস্ট্রেলিয়া এক্ষেত্রে উদাহরণ। ক্রিকেটারদের টুইটার পর্যন্ত নিজেদের ওয়েবসাইটে তুলে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। তাছাড়া ঘরোয়া ক্রিকেটের স্কোর, অস্ট্রেলিয়ান ক্রিকেটের বিভিন্ন সংবাদ পাওয়া যায় মুহূর্তে। ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটও সময়োপযোগী। সেই তুলনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট একদম পিছিয়ে। চলতি ঘরোয়া লিগের স্কোরও পাওয়া যায় না খুঁজে। এই অবস্থার পরিবর্তন এনে আন্তর্জাতিক মানের ডিজিটাল প্ল্যাটফর্ম করতে চান তানভীন আহমেদ টিটু। কাল সংবাদ মাধ্যমে বিসিবির ওয়েবসাইটকে অনেক এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা জানালেন নতুন দায়িত্ব পাওয়া মিডিয়া কমিটির চেয়ারম্যান।

আগে বিসিবির সঙ্গে একটি তৃতীয় প্রতিষ্ঠানের চুক্তি ছিল। সেই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করেছে বিসিবি। এমনটাই জানালেন টিটু। নতুন করে কীভাবে ওয়েবসাইট উন্নত করা যায় সে ব্যাপারে পর্যালোচনা করে দ্রুত পদক্ষেপ নেবেন। টিটু বলেন, ‘এখন এগুলো পর্যালোচনা চলছে। খুব দ্রুতই আমরা কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে পরিবর্তন আনব। টোটাল যে সিস্টেমটা আন্তর্জাতিক মানের যাদের কথা আপনারা বলেন, যা আমরা পার্শ¦বর্তী দেশগুলোতে দেখতে পাই, তেমন পরিবর্তন নিয়ে আসব। আমাদের যেটা ছিল সেটা একটা থার্ড পার্টির কাছে ছিল। তারা অপেশাদারিত্বের সঙ্গে নিয়ন্ত্রণ করেছে। সেখানে কয়েকটি ইস্যু তৈরি হয়েছে। বোর্ড কিন্তু তাদের সঙ্গে চুক্তি বাতিলও করেছে।’

বিসিবির টাইগার ক্রিকেট ডটকম নামে ওয়েবসাইট আছে। এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট: দ্য টাইগার্স নামে ফেসবুক, বাংলাদেশ ক্রিকেট নামে টুইটার ও বাংলাদেশ টাইগার্স নামে ইন্সটাগ্রামে ভেরিফায়েড পেইজ রয়েছে। টিটু জানিয়েছেন দ্রুত সময়ে এই প্ল্যাটফর্মগুলোতে দেশের ক্রিকেটের সব তথ্য যেন আসে সে ব্যবস্থা করবেন, ‘একদম আপ টু দ্য মার্ক আমাদের প্রেজেন্টেশনটা যেন থাকে, যেন একটা জায়গায় সব কিছু একসঙ্গে পাওয়া যায়। আপনি পাচ্ছেন আপনার সঙ্গে জাতিও পাচ্ছে। সেগুলোকে মাথায় রেখে এটাকে উন্নত করার কাজ চলছে।’