সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা ঠিক না থাকলে কোনো উন্নয়ন কাজে দেবে না

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশের সার্বিক নিরাপত্তার জন্য পুলিশের কাছে সবকিছু ন্যস্ত। এই জন্য আমরা পুলিশকে একটা প্রশিক্ষিত পুলিশ বানাতে চাচ্ছি এবং আমরা আজকে গর্ব করে বলে থাকি যে, আমাদের পুলিশ অবশ্যই বিশ্বমানের পুলিশের কাছাকাছি আমরা নিয়ে আসতে পেরেছি।

গতকাল রবিবার দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে পুলিশে নব-নিয়োগকৃত তিন হাজার ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল’ ২০২১ ব্যাচের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের টার্গেট আমরা ২০৪১-এ উন্নত দেশে চলে যাব। দেশের আইনশৃঙ্খলা যদি ঠিক না থাকে, কোনো উন্নয়ন কাজে দেবে না। সেজন্যই আমাদের পুলিশকে আমরা একটা যুগোপযোগী এবং ২০৪১-এর চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য তৈরি করছি। অপরাধের ধরন যেভাবে পরিবর্তন হচ্ছে আমরা পুলিশকে সেইভাবে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলছি।’

নবাগত পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা নতুনভাবে নিজ যোগ্যতায় বাংলাদেশ পুলিশে যোগদান করেছ তোমাদের সবসময় মনে রাখতে হবে, তোমরা কারও সুপারিশে আসনি, কারও দেনদরবারে তোমরা এখানে আসনি, তোমরা কোনো উৎকোচ দিয়ে এখানে আসনি। তোমরা নিজেদের যোগ্যতায় এসেছ। আমরা চাই, তোমাদের দক্ষতায়, তোমাদের যোগ্যতায় তোমাদের দেশপ্রেমে আমরা সেই ২০৪১-এর চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব ইনশাআল্লাহ।’ 

বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজশাহী বিভাগ ও জেলার পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী একাডেমিতে পৌঁছালে আইজিপি, একাডেমির অধ্যক্ষ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এর আগে সকাল সাড়ে ১০টায় একাডেমি চত্বরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ভবন ও শোরুম উদ্বোধন করেন পুনাকের কেন্দ্রীয় সভানেত্রী জীশান মীর্জা।