নাসিক নির্বাচন

নাগরিক সুবিধা নিশ্চিতে গুরুত্ব আইভী-তৈমূরের

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সমানতালে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী এবং স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার।

গতকাল রবিবার নগরীর সিদ্ধিরগঞ্জে জনসংযোগ করেন নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। অন্যদিকে শহরের বিভিন্ন স্থানে প্রচার চালান তৈমূর আলম খন্দকার। দুজনই ভোটারদের কাছে জয়ী হলে নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের প্রতিশ্রুতি দিচ্ছেন। নগরীর সিদ্ধিরগঞ্জের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে জনসংযোগের সময় আইভী বলেন, প্রতিটি ওয়ার্ডে আমি মানুষের চাহিদা অনুযায়ী কাজ করেছি। ভোটাররা এসব কাজ মূল্যায়ন করবেন। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।

আইভীর অভিযোগ, তাকে নিয়ে ধর্মীয়ভাবে উসকানিমূলক অপপ্রচার চালানো হচ্ছে। তবে জনগণ এসবে কান দেবে না। নাগরিক সুবিধা নিশ্চিতে যেসব কাজ হাতে নিয়েছিলেন, বিজয়ী হলে এগুলো শেষ করার কথা জানান। বিশেষ করে বিশুদ্ধ ও সুপেয় পানি সরবরাহ নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, সাবেক এমপি আবদুল্লাহ আল কায়সার হাসনাত, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে শহরে ট্রেন দুর্ঘটনা রোধে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে স্বতন্ত্র মেয়রপ্রার্থী তৈমূর আলম খন্দকার বলেন, ‘নারায়ণগঞ্জের শক্তিধররা আলাল-দুলাল খেলায় ব্যস্ত। মেয়র ডাইনে গেলে এমপি যায় বাঁয়ে। শহরের হকাররা বিপদে রয়েছে। পুলিশকে মাসোহারা দিয়েও বসতে পারছে না। অথচ স্বাচ্ছন্দ্যে চলাচল করার অধিকার রয়েছে নারায়ণগঞ্জের প্রত্যেক নাগরিকদের। আমি প্রশাসন নয়, জনমত নিয়ে সিটি করপোরেশন পরিচালনা করব।’

মুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহমেদের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, সভাপতিমণ্ডলীর সদস্য কুতুব উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।