দিল্লিতে করোনা বেড়েছে ৫০ শতাংশ

ভারতে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। রাজধানী দিল্লিসহ গুরুত্বপূর্ণ শহরে সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করেছে। খবর এনডিটিভির।

গতকাল রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ২২ হাজার ৭৭৫ করোনা রোগী শনাক্ত হয়েছে। ঘনবসতিপূর্ণ শহরে দ্রুতগতিতে করোনায় আক্রান্ত হচ্ছে মানুষ।

এর মধ্যে দিল্লিতে গত মে মাসের পর গত শনিবার শনাক্তে নতুন রেকর্ড হয়েছে। এদিন শনাক্ত ৫০ শতাংশ বেড়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৭১৬ জন। শনাক্তের হার প্রায় ৩ দশমিক ৬৪। এ সময় করোনায় একজনের মৃত্যু হয়েছে। গত ২১ মে দিল্লিতে এক দিনে ৩ হাজার মানুষের করোনা শনাক্ত হয়।

দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেছেন, এমন পরিস্থিতিতে সেখানে আরও নিষেধাজ্ঞা আরোপ করা দরকার কি না, সেটি পর্যালোচনা করা হবে। তবে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা এখনো উদ্বেগজনক নয় বলে দাবি করেন তিনি।

পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৫০ রোগী। তাদের মধ্যে অন্তত ১ হাজার ৯৫০ জন কলকাতার। রাজ্যটিতে এ পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত ১৬ রোগী পাওয়া গেছে।

গত বছর করোনার ভয়াবহ কবলে পড়েছিল ভারত। ডেল্টা ধরনের কারণে সংক্রমণের সর্বোচ্চ সময় দেশটিতে দৈনিক প্রায় ৪ লাখ রোগী শনাক্ত হয়েছিল।