কুমিল্লার কাঁঠালিয়া নদীতে ট্রলার ডুবে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। এখনো নিখোঁজ রয়েছেন এক শিশু।
সোমবার বেলা ২টার দিকে মেঘনা উপজেলার পুরোনো বাটেরা এলাকায় এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম।
নিহতেরা হলেন- জেলার তিতাস উপজেলার রায়পুর গ্রামের জুলেখা বেগম (৫৫), আয়েশা আক্তার (১১) ও তামান্না আক্তার (৭)।
এ ঘটনায় এক শিশু এখনো নিখোঁজ রয়েছে এবং আহতদের দাউদকান্দির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
জানা গেছে, ট্রলারটি কাঁঠালিয়া নদীর পুরোনো বাটেরা এলাকায় পৌঁছালে কচুরিপানার কারণে গতি কমে যায়। এ সময় চালক গতি বাড়িয়ে চালিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় কোনো কিছুর সঙ্গে ধাক্কা লেগে ট্রলারের তলা ফুটো হয়ে যায়।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মাজহারুল বলেন, হতাহতরা তিতাস উপজেলার রায়পুর গ্রাম থেকে মেঘনার একটি গ্রামে বেড়াতে যাচ্ছিলেন বলে তারা জানতে পেরেছেন। যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা একই পরিবারের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
মেঘনা থানার ওসি ছমিউদ্দিন বলেন, ট্রলার ডুবে তিনজন মারা গেছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।