২২ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইংল্যান্ড প্রবাসী ইমরান

২২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দেশের দ্রুততম মানবের খেতাব জিতলেন ইংল্যান্ড প্রবাসী ইমরানুর রহমান।

সোমবার বনানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে সেরা হন ইমরানুর। ইলেকট্রনিক টাইমিংয়ে ১০.৫০ সেকেন্ড সময় নেন তিনি।

ইমরান ভেঙে দেন প্রয়াত মাহবুব আলমের রেকর্ড। ১৯৯৯ সাফ গেমসে মাহবুব ১০.৫৪ সেকেন্ড সময়ে দৌড় শেষ করেছিলেন। দেশের হয়ে ১০০ মিটার স্প্রিন্টে এত দিন সেটাই ছিল সেরা টাইমিং।

ইমরানের কাছে হেরে দ্বিতীয় হয়েছেন রাকিবুল হাসান। গত বারের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল ‍তৃতীয় হয়েছেন।

২৮ বছর বয়সী ইমরান ১৬ বছর বয়স থেকে ইংল্যান্ডে অ্যাথলেটিকসের সঙ্গে যুক্ত। ব্রিটিশ ইউনিভার্সিটি ইনডোর অ্যাথলেটিকসে খেলেছেন। ৬০ মিটার স্প্রিন্টে ৬.৬৮ সেকেন্ড সময় নিয়ে সেরাও হয়েছেন।

গত বছর বিকেএসপির ট্রায়ালে ১০০ মিটার স্প্রিন্ট শেষ করতে ইমরান সময় নিয়েছিলেন ১০.৪০ সেকেন্ড।

আরো পড়ুন

শিরিনের ৮ বছরের রাজত্বের অবসান ঘটালেন ‍সুমাইয়া