দিনাজপুর জেনারেল হাসপাতাল থেকে এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কোতয়ালী থানায় একটি অভিযোগ করেছে।
সোমবার বিকেল ৩টায় জেনারেল হাসপাতাল থেকে ওই নবজাতক চুরি হয়। বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগ পাওয়ার পর সন্ধ্যায় পুলিশ তদন্ত শুরু করলে ঘটনাটি জানাজানি হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৯টায় প্রসব বেদনা নিয়ে চিরিরবন্দর উপজেলার কারেন্টহাট এলাকার আব্দুল লতিফের স্ত্রী জায়েদা বেগমকে (৩৬) হাসপাতালে ভর্তি করা হয়। এরপর হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম হয়। সন্তান প্রসবের পর রোগীর আত্মীয়-স্বজনরা চলে গেলে ছোট বোন হাজেরা বেগম সেখানে থেকে যান। পরে বোরকা পরিহিত এক নারীর সঙ্গে সঙ্গে পরিচয় হয়। দুপুরে বোরকা পরিহিত ওই নারীর কাছে শিশুকে রেখে দুই বোন হাত-মুখ ধুতে যান। পরে সেখানে এসে শিশু ও বোরকা পরিচিত ওই নারীকে দেখতে পান না।
হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. পারভেজ সোহেল রানা জানান, শিশু চুরির পর বিষয়টি জেনে হাসপাতালের পক্ষ থেকে কোতয়ালী থানায় একটি অভিযোগ করা হয়েছে।
এদিকে কোতয়ালী থানার এসআই শামীম জানান, ঘটনার সংবাদ পাওয়ামাত্রই আমরা হাসপাতালে এসে তদন্ত কার্যক্রম শুরু করেছি। সিসি ক্যামেরার ফুটেজও পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা মোটামুটিভাবে ওই নারীকে শনাক্ত করতে পেরেছি।