লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়ায় আলোচিত যুবদল নেতা আনোয়ার হোসেন হত্যা মামলায় সাত আসামির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। এ মামলায় আরও ১১ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় প্রদান করেন। জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সাবেক সদস্য আজিজ মেম্বার ও তার ছেলে সবুজ হোসেন, বিল্লাল হোসেন বিপ্লব, ইব্রাহিম, মানিক, ইসমাইল হোসেন এবং আবুল কাশেম মেম্বার। ইসমাইল ও কাশেম মেম্বার ছাড়া বাকিরা পলাতক।
নিহত আনোয়ার হোসেন দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত আবদুল বাতেনের ছেলে এবং প্রয়াত ইউপি চেয়ারম্যান নুর হোসেন শামীমের ছোট ভাই। তিনি ওই ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। ২০১১ সালের ৪ জুন দত্তপাড়া বাজারে ভাইয়ের নির্বাচনী কার্যালয়ে বসে থাকা অবস্থায় আনোয়ারকে সন্ত্রাসীরা বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করে। তার ভাই চেয়ারম্যান শামীমও পরে সন্ত্রাসীদের হাতে খুন হন।