বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর পদ থেকে তৈমূর আলম খন্দকারকে অব্যাহতি দিয়েছে বিএনপি। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হওয়ায় তাকে উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
গতকাল সোমবার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘তৈমূরকে দল থেকে বহিষ্কার করা হয়নি। তাকে পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। গত রবিবার তাকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ রূপান্তরকে বলেন, ‘আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি সব ধরনের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ প্রার্থী হলে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত আছে। যেহেতু তিনি নিজে থেকে দলের পদ থেকে পদত্যাগ করেননি, তাই তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
এর আগে গত ২৬ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক পদ থেকেও সরিয়ে দেওয়া হয় তৈমূরকে। তার জায়গায় ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয় মনিরুল ইসলাম রবিকে।