১৪৪ ধারার মধ্যেই কক্সবাজারে সমাবেশ বিএনপির

কক্সবাজারে প্রশাসনের ১৪৪ ধারা জারির মধ্যেই সমাবেশ করেছে বিএনপি। গতকাল সোমবার বেলা ১১টার দিকে কক্সবাজার শহরের ঈদগাঁও মাঠে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি।

সমাবেশে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘রাতে ভোট কারচুপি করে ক্ষমতায় আসায় জনগণের প্রতি এই সরকারের আস্থা নেই। তাই বিএনপির সাংবিধানিক অধিকারও হরণ করছে তারা।’

জেলা বিএনপির সভাপতি শাহজাহান বলেন, ‘সরকার মানুষের সব গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। আমাদের পূর্বনির্ধারিত জনসভার স্থানে যুবলীগের কর্মসূচি হীনমানসিকতার বহিঃপ্রকাশ।’

সমাবেশে খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

এদিকে সমাবেশে আসত না পেরে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন। বিভিন্ন উপজেলা থেকেও সমাবেশে আসার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে নেতাকর্মীরা উপজেলা শহরেও বিক্ষোভ করেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কক্সবাজার শহরের দলীয় কার্যালয় সংলগ্ন শহীদ সরণি সড়কে সমাবেশ কর্মসূচি দেয় বিএনপি। যুবলীগও একই স্থানে সমাবেশ ডাকায় গত রবিবার রাতে শহীদ সরণি ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, ‘১৪৪ ধারা অমান্য করে বিএনপির নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।’

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, ‘বিএনপির সমাবেশের জন্য শহরের কোনো স্থানের অনুমতি নেই। এরপরও দলটির নেতাকর্মীরা সমাবেশ করার চেষ্টা করে। তবে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকায় তারা কোনো কর্মসূচি করতে পারেনি।’