দিন দিন অবনতি হচ্ছে করোনা পরিস্থিতির

দেশে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। প্রতিদিন রোগী বাড়ছে। অবনতি হচ্ছে করোনা পরিস্থিতির। গত ১৫ দিনে তার আগের ১৫ দিনের তুলনায় রোগী বেড়েছে ৫৭ শতাংশ। এ অবস্থা চলতে থাকলে এ মাসের শেষের দিকে করোনা পরিস্থিতির চরম অবনতির আশঙ্কা করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দেশে গত ১৫ দিনে (৪ জানুয়ারি থেকে ২০ ডিসেম্বর) মোট রোগী শনাক্ত ৬ হাজার ৪৩০ জন। এই ১৫ দিনে গড়ে প্রতিদিন ৪২৯ জন করে রোগী শনাক্ত হয়। এর আগের ১৫ দিন (৫-১৯ ডিসেম্বর) মোট রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ৯৭ জন। অর্থাৎ দেশে গত ১৫ দিনে তার আগের ১৫ দিনের তুলনায় রোগী বেড়েছে ৫৬ দশমিক ৯৫ শতাংশ। সবশেষ গত ১৫ দিনে শনাক্ত হার বেড়েছে তিন গুণ। গত ২০ ডিসেম্বর করোনার শনাক্ত হার ছিল ১ দশমিক ৩০ শতাংশ। গতকাল তা বেড়ে ৩ দশমিক ৯৭ শতাংশে বা ৪ শতাংশের কাছাকাছি পৌঁছায়।  এর আগের ১৫ দিন এই হার ১ শতাংশের ঘরে ওঠানামা করে ১ ঘরে স্থির ছিল।

এমন পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় দেশে গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে এবং শনাক্ত হারও সর্বোচ্চ হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) রোগী শনাক্ত হয়েছে ৭৭৫ জন এবং মৃত্যু হয় ৬ জনের। এর আগের দিন সোমবার রোগী শনাক্ত হয়েছিল ৬৭৪ জন। সেদিন মৃত্যু হয়েছিল ৪ জনের। দেশে ফের সংক্রমণ বৃদ্ধির ধারায় দৈনিক শনাক্ত কভিড রোগীর সংখ্যা সাড়ে সাতশ ছাড়িয়েছে; নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার আবার পৌঁছে গেছে ৪ শতাংশের কাছাকাছি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৭৭৫ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৬ জনের। এর চেয়ে বেশি রোগী এক দিনে শনাক্ত হয়েছিল সর্বশেষ গত ৪ অক্টোবর ৭৯৪ জন। নতুন রোগীদের নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ৯১৫ জনে। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৮৭ জন।

গত সোমবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩ দশমিক ৩৭ শতাংশ। সেটা গতকাল বেড়ে ৩ দশমিক ৯১ শতাংশ হয়েছে। এর বেশি শনাক্তের হার সর্বশেষ ছিল গত ২৯ সেপ্টেম্বর ৪ দশমিক ১১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এক দিনে শনাক্ত নতুন রোগীর মধ্যে ৬৫৫ জনই ঢাকা বিভাগের, যা দৈনিক মোট শনাক্তের ৮৫ শতাংশ। এদিকে গত এক দিনে দেশের ২৭ জেলায় কারও শরীরে ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েনি। গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৮৩৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৯৫৬টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। দেশে শনাক্ত মোট রোগীর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে।