প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ ছবি ধারণ করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক পুলিশ পরিদর্শকের স্ত্রীকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত রবিবার রাতে ওই চক্রের মূল হোতা অনিক-আসমানী দম্পতিকে গ্রেপ্তার করে র্যাব।
তথ্যটি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) হোসেন আলী।
তিনি জানান, সাধারণ মানুষদের ফাঁদে ফেলে জিম্মি করে টাকা আদায়ের ঘটনায় মঙ্গলবার বিকেলে রংপুর নগরের ঠিকাদার পাড়া বীকন মোড় এলাকার একটি বাসা থেকে কানিজ ফাতিমা আনিসা (৩৬) নামে এক নারীকে আটক করা হয়। ওই নারীর স্বামী হাবিবুর রহমান রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে পরিদর্শক পদে কর্মরত।
এর আগে গত রবিবার প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়াসহ টর্চার সেলে নিয়ে নির্যাতনের অভিযোগে নগরের গ্র্যান্ড হোটেল মোড় এলাকার নিজ বাড়ি থেকে শাহারুখ করিম অনিক (৩৪) ও তার স্ত্রী আসমানী আক্তারকে (২৪) গ্রেপ্তার করে র্যাব।
এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার ওই দম্পতি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে তাদের চক্রে জড়িত থাকা কানিজ ফাতিমা আনিসার নাম উঠে আসে।
আটক আনিসাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে আনিসার স্বামী হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।