আওয়ামী সরকারের ১৩ বছরের প্রতিটি দিন কলঙ্কজনক: প্রিন্স

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, শুধু ৫ জানুয়ারি বা ৩০ ডিসেম্বর নয়, আওয়ামী সরকারের ১৩ বছরের প্রতিটি দিন কলঙ্কজনক দিবস।

আরও বলেন, পুরো শাসনামল জুড়ে তারা গণতন্ত্র হত্যা করে ভোটের অধিকারসহ মানবাধিকার হরণ ও দুর্নীতি-লুটপাট করে কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করেছে। আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে যায় না।

বিএনপি ঘোষিত ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে বুধবার ময়মনসিংহের নতুন বাজারে ময়মনসিংহ মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে পৃথক পৃথক দুটি  মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রিন্স।

২০১৪ সালে ৫ জানুয়ারির ‘রাজনৈতিক দল ও ভোটারবিহীন নির্বাচন’কে কেন্দ্র করে বিএনপি ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করছে। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী এ মানববন্ধন আয়োজন করা হয়।

মানববন্ধনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সরকার জনগণকে ভয় পায় বলেই ভোটের অধিকার কেড়ে নিয়েছে। জনগণ ভোট চোর এই সরকারকে এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চায় না।

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে দেশব্যাপী জেলা ও বিভাগীয় সমাবেশের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের রক্ত চক্ষু উপেক্ষা করে প্রতিটি সমাবেশে লাখ লাখ মানুষের বাঁধ ভাঙা জোয়ার প্রমাণ করে তারা এই সরকারকে চায় না।

প্রিন্স বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আমরা সেমিফাইনাল খেলে সরকারকে হলুদ কার্ড দেখাচ্ছি। সরকার পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পথ সুগম না করলে অচিরেই ফাইনাল খেলা হবে। তখন সরকার পালাবার পথ খুঁজে পাবে না।

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি পুনরায় উল্লেখ করে বলেন, দেশনেত্রীর কিছু হলে সরকারকেই দায়ী থাকতে হবে।

ময়মনসিংহ মহানগর বিএনপির মানববন্ধনে আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের পরিচালনায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী বক্তব্য রাখেন।

অন্যদিকে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলমের সভাপতিত্বে ও শুক্কুর মাহমুদ ববির পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন বাচ্চু, আখতারুল আলম,সদস্য হেলাল আহমেদ, জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন, শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আমন খসরু, কৃষক দলের সভাপতি সাদেকুর রহমান ও ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা।