নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ইয়াশ রোহান। সিনেমা ও অন্যান্য বিষয় নিয়ে তিনি কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান
পর্দার আড়ালে...
নতুন ওয়েব ফিল্ম ‘পর্দার আড়ালে’-তে কাজ করতে যাচ্ছি। গল্প চরিত্র সম্পর্কে খুব একটা বেশি বলতে পারব না। তবে আমি যে ধরনের গল্প চরিত্র পছন্দ করি। এই গল্পটা ঠিক সেই রকমেরই। সাইনিং হলো কেবল। সামনে শ্যুটিং শুরু হবে। তখন আরও বিস্তারিত হয়তো জানাতে পারব।
নুসরাত ফারিয়ার সঙ্গে...
‘পর্দার আড়ালে’-তে আমার নায়িকা নুসরাত ফারিয়া। সাইনিংয়ের দিনেই নুসরাত ফারিয়ার সঙ্গে আমার প্রথম পরিচয়। আগে কখনো কাজ করা হয়নি তার সঙ্গে। প্রথম পরিচয়ে আসলে ওভাবে বলার কিছু নেই। দেখা হয়েছে কাজ করতে যাব, এতটুকুই। আর ভালো লাগছে ওনার সঙ্গে কাজ করতে পারছি। দেখা যাক কী হয়।
দেশান্তর...
আশুতোষ সুজনের দেশান্তরের শ্যুটিং শেষ। সামনে ডাবিং হবে। এই বছর ছবিটি মুক্তি পেতে পারে। কবি নির্মলেন্দু গুণের ‘দেশান্তর’ নামের উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মিত হচ্ছে। ছবিটি নিয়ে ভালো কিছুই প্রত্যাশা করছি।
ওয়েবে...
এখন একটা ওয়েব ফিল্মের কাজ করছি, কিন্তু বিস্তারিত এই মুহূর্তে কিছু বলতে পারব না। এ ছাড়াও গত বছরও আরেকটা ওয়েবের জন্য কাজ করেছি। সব মিলিয়ে ওটিটি নিয়েই ব্যস্ততা বেশি। এ বছর অন্তত একটি ওয়েব ফিল্ম মুক্তি পাবে আশা করি। আর ‘পর্দার আড়ালে’র যেহেতু এখনো শ্যুটিং শুরু করিনি তাই বলতে পারছি না- এটা কবে নাগাদ মুক্তি পাবে।
বাবা-মা’র সহায়তা...
আমার বাবা (নরেশ ভুঁইয়া) ও মা (শিল্পী সরকার অপু) অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। কোনো রকমে কোনো সিচুয়েশনে পড়লে আমি বাবা-মার কাছে বলি এটা কীভাবে কী করা যায়। তাদের পরামর্শ নিই। তো আমার বাবা-মা আমাকে অনেক হেল্প করেন। এ ছাড়াও মা-বাবা অভিনয় করেন যেহেতু তাই ওনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, অভিনয় যেহেতু করি, ক্যারিয়ারে বাবা-মার সাপোর্ট না থাকলে ক্যারিয়ারে স্ট্রাগল করাটা খুবই ডিফিকাল্ট। সেদিক থেকে আমি খুবই লাকি যে আমার বাবা-মা আমাকে প্রতিনিয়ত সহায়তা করেন।
চার বছরের ক্যারিয়ার...
তিন বছর আগে আমার প্রথম ছবি ‘স্বপ্নজাল’ (২০১৮ সালে মুক্তি পায়) রিলিজ হলেও আমি মূলত পুরোদমে কাজ শুরু করেছি ২০১৯ সালের পর এসে। তো ওই সময়ে আসলে পড়ালেখার পাশাপাশি শখের বসে কাজ করেছি। ২০১৯ সালে গ্র্যাজুয়েশন শেষ করে আমি প্রপারলি অভিনয়ে মনোযোগ দিই। তো এই দুই বছরে আসলে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আমার দর্শকদের সন্তুষ্ট রাখা, নিজেকে সন্তুষ্ট রাখার চেষ্টা করে যাচ্ছি। আমি জানি না কতটুকু পারছি তবে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বিয়ে...
আমার বিয়ে! বিয়ে নিয়ে এই মুহূর্তে কিছুই ভাবছি না। শুধু এই মুহূর্তে নয় আগামী ১০ বছরেও বিয়ের কোনো পরিকল্পনা নেই। কারণ আমার তো এখন বিয়ের বয়সই হয়নি (হা হা হা)।
নতুন বছর...
পরিকল্পনা বলতে নিজের লাইফকে আরও অর্গানাইজ করতে হবে। আরও ভালো ভালো কাজ করতে হবে- এই তো।