নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় অন্তত আটজন নিখোঁজ রয়েছেন। গতকাল বুধবার সকাল ৯টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজদের মধ্যে মনির, মোতালিব, আবদুল্লাহ, মলি, তাসলিমা ও তাসফিয়ার নাম জানা গেছে। বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায় সকালে কুয়াশায় মধ্যে ১৫-২০ যাত্রী নিয়ে ট্রলারটি ধর্মগঞ্জ থেকে ওপারে যাচ্ছিল। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী এমভি ফারহান-৬ নামের একটি লঞ্চ মাঝনদীতে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। বেশ কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠলেও সন্ধ্যা পর্যন্ত আটজন নিখোঁজ ছিলেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন জানান, এখন পর্যন্ত কোনো মরদেহ উদ্ধার না হলেও আটজন নিখোঁজ থাকার তথ্য মিলেছে। ট্রলারের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। ট্রলারের বেশিরভাগ যাত্রী ছিলেন পোশাককর্মী। ধলেশ্বরীর তীরে ভিড় করছেন স্বজনরা। তাদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন।
নিখোঁজদের সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি রাকিবুজ্জামান।