র্যাব এবং সংস্থাটির বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার বিষয়টিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ‘লবিস্ট’ নিয়োগের বিষয়ে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
গতকালের বৈঠকের পূর্বনির্ধারিত আলোচ্যসূচিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি না থাকলেও তা নিয়ে আলোচনা হয় বলে বৈঠকে অংশ নেওয়া একজন সদস্য জানিয়েছেন। তিনি বলেন, বৈঠকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে কিছু অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, তারা মনে করছে, এই নিষেধাজ্ঞার পেছনে ভূরাজনীতি কাজ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সংসদীয় কমিটির বৈঠকে জানিয়েছে, নিষেধাজ্ঞার বিষয়ে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী ফেব্রুয়ারি মাসে পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে যাবেন। সেখানে বিষয়টি নিয়ে তিনি আলোচনা করবেন। যুক্তরাষ্ট্রে একটি ‘পিআর গ্রুপ’ সরকারের বিপক্ষে কাজ করছে। সেখানকার কিছু সিনেটর ও কংগ্রেসম্যানকে ভুল বোঝানো হয়েছে। প্রয়োজনে সংসদীয় কমিটির সদস্যরা তাদের সঙ্গে কথা বলার জন্য যুক্তরাষ্ট্রে যেতে পারেন।