বান্দরবানে সদর উপজেলার রাজবিলা ইউনিয়নে এক নারীকে হত্যার পর ‘সন্ত্রাসীরা’ তার স্বামীকে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার ভোর ৩টার দিকে রাজবিলা ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত সিংম্যানু মারমা (২৮) ওই ওয়ার্ডের থংজমাপাড়ার রেথোয়াই মারমার স্ত্রী। রোথোয়াই স্থানীয় একটি বাদক দলে (ব্যান্ড পার্টি) বাঁশি বাজাতেন।
রাজবিলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সুইসাচিং মারমা বলেন, ‘রেথোয়াই মারমা ভোর ৩টার দিকে আমার মোবাইলে ফোন করে জানায় যে, তার স্ত্রীকে নির্যাতন করে মারা হচ্ছে। আর তাকে একদল সন্ত্রাসী ধরে নিয়ে যাচ্ছে; হয়তো তাকেও মেরে ফেলবে।’
মাত্র বিশ সেকেন্ড কথা বলার পর রেথোয়াইয়ের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তার মোবাইলে আবার ফোন করা হলে বন্ধ পাওয়া যায় বলে জানান সুইসাচিং মারমা।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় নিহত সিংম্যানু পরনের কাপড় এলোমেলো হয়ে আছে। তার বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সুইসাচিং মারমা আরও বলেন, ‘রাতে রোথোয়াইয়ের ঘরে চিৎকার চেঁচামেচি শুনলেও ভয়ে কেউ ঘর থেকে বের হয়নি। পাড়াবাসীরা সবাই আতঙ্কে রয়েছে।’
বান্দরবান সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।’