সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে ক্রাইস্টচার্চে ক্রিকেটাররা

বছর তিনেক আগে ম্যাচ শুরুর আগের দিন মসজিদে সন্ত্রাসী হামলার পর ভয়ংকর এক পরিস্থিতিতে ক্রাইস্টচার্চ ছেড়ে দেশে ফিরেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। নতুন ইতিহাস গড়ার স্বপ্ন চোখে নিয়ে মাউন্ট মঙ্গানুই থেকে শেষ টেস্টের ভেন্যু সেই ক্রাইস্টচার্চে পৌঁছেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ৯ জানুয়ারি থেকে এখানকার হ্যাগলি ওভালে শুরু দ্বিতীয় টেস্টে হার এড়াতে পারলেই প্রথমবারের মতো নিউজিল্যান্ডে সিরিজ জিতবে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের অন্যান্য ভেন্যুর মতো ক্রাইস্টচার্চে বাংলাদেশের অতীত রেকর্ড ভালো নয়। হ্যাগলি ওভালে বাংলাদেশ এখন পর্যন্ত একটি টেস্ট খেলে একটিতেই হেরেছে। সেটা ছিল ২০১৭ সালের সফরে। ২৮৯ ও ১৭৩ রান করে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল ৯ উইকেটে। সবশেষ ২০১৯ সালের সফরের শেষ টেস্ট হওয়ার কথা ছিল হ্যাগলি ওভালে। হ্যামিল্টন ও ওয়েলিংটনে প্রথম দুই টেস্ট ইনিংস ব্যবধানে হারের পর বাংলাদেশ গিয়েছিল ক্রাইস্টচার্চে। ১৬ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল সিরিজের তৃতীয় টেস্ট। আগের দিন জুমার নামাজের সময় কাছের মসজিদে হামলা চালায় এক সন্ত্রাসী। অল্পের জন্য বেঁচে যাওয়া তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ-মুমিনুলরা দেশে ফিরে এসেছিলেন।

সেই দলের মুশফিক-মুমিনুল ছাড়াও সাদমান, লিটন, তাইজুল, এবাদত, মেহেদী মিরাজ, খালেদ আহমেদরা অন্যদের সঙ্গে করে গতকাল দুপুরে ক্রাইস্টচার্চে পৌঁছান। গতকাল কোনো অনুশীলন হয়নি। আজ থেকে দ্বিতীয় টেস্টের প্রস্তুতি শুরু করবেন ক্রিকেটাররা। দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নিকোলাস লি জানিয়েছেন, ‘মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্ট নিয়ে সবাই যারপরনাই খুশি। আগামী দুই দিন আমরা সবাইকে নিয়ে পরের টেস্টের জন্য প্রস্তুত হব। এর মধ্যে বিমানে ওঠার আগেই আমাদের পেসাররা ঘাম ঝরিয়েছে। শুক্রবার (আজ) আমরা স্কোয়াডের বাকিদের নিয়ে কাজ করব ও দেখব কীভাবে পরের ম্যাচের জন্য তাদের প্রস্তুত করা যায়। প্রথম টেস্টে যারা শারীরিক চাপটা কম নিয়েছে, তাদের কাল কিছুটা বেশি পরিশ্রম করতে হতে পারে। ম্যাচের আগের দিন সবাইকে চাপমুক্ত রাখতে চাই।’