৩৩ বছরেও জাহাজ দেয়নি পাকিস্তান চুক্তি বাতিল

তিন দশকের বেশি সময় পর দুটি কনটেইনার জাহাজ সরবরাহ না করায় পাকিস্তানের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ শিপিং করপোরেশনের জন্য দুটি কনটেইনার জাহাজ কেনার জন্য ১৯৮৮ সালের ১৩ অক্টোবর পাকিস্তানের সঙ্গে পাঁচ কোটি ডলারের একটি চুক্তি করা হয়েছিল। পাকিস্তান সরকার তাদের করাচি শিপইয়ার্ডকে ৮ দশমিক ৮৫ মিলিয়ন ডলার দিয়ে দিয়েছিল। আমরা টাকা দিইনি। চুক্তির এত দিন হওয়ার পরও কিছু হয়নি বলে মন্ত্রিসভা চুক্তিটি বাতিল করে দিয়েছে।’

এ ছাড়া বিদ্যমান আইনকে নির্ভুলভাবে উপস্থাপনের জন্য কয়েকটি পরিবর্তন আনার জন্য মন্ত্রিসভা বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারত্ব (সংশোধনী) আইন, ২০২২-এর খসড়া অনুমোদন করেছে। এটি বাংলাদেশ ও কাতারের মধ্যে স্বাক্ষরিত দ্বৈত কর পরিহার ও রাজস্ব ফাঁকি প্রতিরোধ চুক্তির খসড়া সংশোধনীরও অনুমোদন করেছে বলে জানান সচিব। বৈঠকে আন্তর্জাতিক সৌর জোট প্রতিষ্ঠার ফ্রেমওয়ার্ক চুক্তি অনুমোদনের প্রস্তাবও অনুমোদন করা হয়।