শেষ রাতের দিকে মামাশ্বশুরের মৃত্যুসংবাদ আসে সিএনজিচালিত অটোরিকশাচালক বাহার মিয়ার কাছে। রাত থাকতেই স্ত্রী, শাশুড়ি আর এক বছরের মেয়েকে নিয়ে অটোরিকশায় কুমিল্লার লালমাই উপজেলার পরতী গ্রাম থেকে রওনা দেন ফেনীর উদ্দেশে। তবে স্বজনের মরদেহ তাদের দেখার সেই যাত্রা থেমে যায় লাকসামে। বিআরটিসির একটি বাসের চাপায় নিজেদেরই লাশ হতে হয়েছে ওই চারজনকেই। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের কালিয়াচৌ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিন পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেছে মা-ছেলের। এ ছাড়া বুধবার মাঝরাতে চট্টগ্রামের সীতাকুণ্ডেও মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক কিশোরের।
দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত
কুমিল্লায় একই পরিবারের চারজন নিহত
লাকসামে বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের কালিয়াচৌ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিমউদ্দিন জানান, নিহতরা হলেন পার্শ্ববর্তী লালমাই উপজেলার ভোলাইন ইউনিয়নের পরতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া (৫৫), তার স্ত্রী পারুল বেগম (৪০), শাশুড়ি গোলাপ নাহার (৭০) ও মেয়ে জান্নাত (১)।
স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, গত বুধবার শেষ রাতের দিকে অটোরিকশাচালক বাহার মিয়ার কাছে মামাশ্বশুরের মৃত্যুসংবাদ আসে। সকালে স্ত্রী, ছোট মেয়ে আর শাশুড়িকে নিয়ে রওনা দেন ফেনীতে। বাড়িতে রেখে যান আরও তিন মেয়েকে। পথে বিআরটিসি বাসের ধাক্কায় প্রাণ গেছে তাদের চারজনেরই।
নিহত বাহারের ভাতিজা মীর হোসেন বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাহার মিয়া ও তার শাশুড়ি গোলাপ নাহারের মৃত্যু হয়। পরে আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পারুল বেগম ও মেয়ে জান্নাতও মারা যায়।
এসআই মো. জসিম উদ্দিন বলেন, ঢাকামুখী একটি বিআরটিসি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন আরও তিনজন।
এছাড়া রাজধানীসহ বিভিন্ন স্থানে আরও ৬ জন প্রাণ হারিয়েছেন। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
ট্রাকচাপায় পিষ্ট মা-ছেল : ঈশ্বরদীতে দ্রুতগামী ট্রাককে সাইড দিতে গিয়ে মহাসড়কের পাশে জমে থাকা বালুতে মোটরসাইকেলের চাকা পিছলে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনা সদরের ইসলামগাতি এলাকার মৃত নাজিম উদ্দিন প্রামাণিকের স্ত্রী মমতাজ বেগম (৭০) ও ছেলে মাহাতাব উদ্দিন (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মোটরসাইকেল যোগে দাশুড়িয়ার দিক থেকে মা ও ছেলে নিজ বাড়ি পাবনার ইসলামগাতিতে যাচ্ছিলেন। একই দিক থেকে একটি ট্রাকও যাচ্ছিল। ঘটনাস্থলে ট্রাকটিকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে জমে থাকা বালুতে মোটরসাইকেলের চাকা পিছলে যায়। এতে মোটরসাইকেলে পেছনে বসে থাকা মা মমতাজ বেগম ও চালক ছেলে মাহাতাব রাস্তার ওপর ছিটকে পড়ে। এ সময় দ্রুতগতির ট্রাকটি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। আর পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ছেলের মৃত্যু হয়।
পাকশী হাইওয়ে থানার ওসি মো. রেজাউল বাসার জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও চালক পলাতক। তাদের খোঁজ করা হচ্ছে।
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১ : সীতাকুণ্ডে মোটরসাইকেল-লরি সংঘর্ষে কামরুল হাসান (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গত বুধবার রাত সাড়ে ১১টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাটের ইসলামী বিশ্ববিদ্যালয় গেটের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া এলাকার ফুলতলা মলইপাড়া গ্রামের বাদশা আলমের বাড়ির রুহুল আমিনের ছেলে।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি নাজমুল হক বলেন, আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু হয়।
রাজধানীতে ট্রাকের ধাক্কায় শিশু নিহত : রাজধানীর নয়াপল্টনে ট্রাকের ধাক্কায় বাবু (১৫) নামে এক পথশিশু নিহত হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আ. জলিল দেশ রূপান্তরকে জানান, গত বুধবার রাতের কোনো একসময় নয়াপল্টন হোটেল মিডওয়ের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে আশপাশের লোকজন থানায় খবর দিলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি আরও জানান, দুর্ঘটনার পরপর ট্রাকটি পালিয়ে গেছে। গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহত শিশু ভবঘুরে, ফুটপাতে থাকত। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।
ঘাটাইলে ট্রাকচাপায় প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী : টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সাগরদিঘী আঞ্চলিক মহাসড়কের শহর গোপীনপুর চেচুয়াপাড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন মোটরসাইকেলের চালক সাগরদিঘীর শোলাকুড়া গ্রামের আবদুল মান্নানের ছেলে আসাদুল ইসলাম (২৮) এবং শহর গোপীনপুর গ্রামের হারুন মুনশির ছেলে ফরিদ উদ্দিন (২৫)। নিহত আসাদুল প্রাইম এশিয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শেষ বর্ষের ছাত্র আর ফরিদ উদ্দিন একজন কোরআনের হাফেজ ও সাগরদিঘীর শোলাকুড়া দক্ষিণপাড়া জামে মসজিদের ইমামতি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মো. আজহারুল ইসলাম।