যেসব শিক্ষার্থী এখনো টিকা নেয়নি তারা অনলাইনে ক্লাস করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেছেন, ‘আমাদের কোনোভাবেই ঝুঁকি নেওয়ার সুযোগ নেই। আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করেছি এবং সেই টিকা দেওয়া চলছে। সেটাকে আরও বেগবান করতে হবে। যেভাবে টিকাদান কর্মসূচি চলছে তাতে শিগগিরই আমাদের যাদের ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থী তাদের অধিকাংশেরই টিকা দেওয়া হয়ে যাবে। যাদের এখনো দেওয়া হয়নি তাদের অনলাইনে ক্লাস চলতে থাকবে।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে গাজীপুর মহানগরীর বাহাদুরপুরে রোভার স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ রোভার স্কাউটস অঞ্চল আয়োজিত প্রতিভা অন্বেষণ ও আন্তঃইউনিট বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বাংলাদেশ রোভার স্কাউটস অঞ্চলের সভাপতি ড. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) ড. মো. মোজাম্মেল হক খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. গিয়াস উদ্দিন মিয়া, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডল, রোভার স্কাউট অঞ্চলের সহসভাপতি ও মুজিব শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর এমএ বারী, রোভার অঞ্চলের সম্পাদক একেএম সেলিম চৌধুরী, রোভার কামরুল হোসেন ও নাজনূর নাবিলা প্রমুখ।