পাপেট শো বা পুতুল নাটকের মধ্য দিয়ে রাজশাহীতে যক্ষ্মার ব্যাপারে শিশুদের সচেতন করছে ‘জলপুতুল পাপেটস’।
বৃহস্পতিবার রাজশাহী মহানগরীর গোলজারবাগ স্কুল মাঠ, বুলনপুর বটতলা এবং পুলিশ লাইনস সংলগ্ন শ্রীরামপুর টি-বাঁধে এই নাটক প্রদর্শন করা হয়। পুতুল নাটকের পাশাপাশি ঐতিহ্যবাহী গম্ভীরা গানও অনুষ্ঠিত হয়।
পাপেট শো চলাকালে নারী-পুরুষ ও শিশুদের উৎসাহ নিয়ে তা উপভোগ করতে দেখা যায়। নাটকের সংলাপ করা হয়েছে রাজশাহী অঞ্চলের ঐতিহ্যবাহী গম্ভীরা দিয়ে। ঢাকা থেকে আসা ১৫ জন এবং রাজশাহীর ১০ জনের একটি টিম এই সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন।
অনুষ্ঠানের প্রথমপর্বে শিশুদের নিয়ে থাকছে ২০ মিনিটের একটি কর্মশালা। তারপরই অনুষ্ঠিত হচ্ছে ২৫ মিনিটের পাপেট শো।
এখানে থাকছে কফ পরীক্ষা এবং চিকিৎসা সেবা নেওয়ারও সুযোগ। শিশুদের যক্ষ্মা এবং বয়ঃসন্ধিকালীন বিভিন্ন রোগ-বালাই থেকে তাদের মুক্ত রাখাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। নাটক প্রদর্শনের সময় প্রকল্পের পরিচালক সাইফুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক আসিফ চৌধুরী, প্রকল্প সমন্বয়ক শাহীন সাইদুরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের ‘জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি’র আওতায় পাইলট প্রকল্প হিসেবে বৃহস্পতিবার থেকে রাজশাহীতে এ কার্যক্রম শুরু হয়েছে। ১২ দিনে মোট ৩০টি স্থানে এই পাপেট শো প্রদর্শন করা হবে। এতে অর্থায়ন করছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)। পরিচালনা করছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)।