বাগেরহাটের রামপালে আওয়ামী লীগ নেতা ফিরোজ শেখ হত্যা মামলার অন্যতম এক আসামিকে পুলিশ পাহারায় বাড়ি পৌঁছে দেওয়ার অভিযোগ উঠেছে থানার ওসির বিরুদ্ধে। সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছেন নিহত ফিরোজ শেখের স্ত্রী নাজমা বেগম। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কাষ্টবাড়িয়া এলাকায় নিজ বাড়িতে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
নাজমা বেগম বলেন, ‘গত ১৭ ডিসেম্বর প্রকাশ্য দিনের বেলায় আমার স্বামী ফিরোজ শেখকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আমি বাদী হয়ে রামপাল থানায় হত্যা মামলা করি। এ হত্যাকা-ের নেপথ্যের নায়ক আসামি বেল্লাল ব্যাপারী হাইকোর্ট থেকে জামিন নিয়ে প্রথমে এলাকায় না এসে রামপাল থানার ওসির সঙ্গে দেখা করেন। এরপর ওসি থানার একজন এসআই দিয়ে বেল্লাল ব্যাপারীকে একটি মাইক্রোবাসে করে নিরাপত্তা দিয়ে বাড়ি পৌঁছে দেন। এলাকায় এসে বেল্লাল ব্যাপারী আবারও তার লোকজন নিয়ে সুসংগঠিত হচ্ছে। আমি চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি।’
রামপাল থানা ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা। বেল্লাল জামিনের রিকল জমা দিয়ে গেছে শুনেছি। সে কোনো ভিআইপিও নয়, কোনো এসআই তাকে প্রটেকশন দিয়ে পৌঁছে দেয়নি।’