নারায়ণগঞ্জের আড়াইহাজারে নুরুন্নাহার (৭৫) নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছোট বিনাইর চর এলাকার মৃত মোবারক হোসেনের স্ত্রী।
শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এর আগে শুক্রবার রাত ১০টার দিকে খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ মৃতের ছেলের মালিকানাধীন ভাড়াটিয়া বাড়ির একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করে। সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে নৃশংস হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
মৃতের একমাত্র ছেলে কবির হোসেন জানান, কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বলা যাচ্ছে না। তবে তার অভিযোগ ছিল তার বোন রানুর সঙ্গে মা নুরুন্নাহারের পৈত্তিক জমিজমা নিয়ে প্রায় সময়ই ঝগড়াঝাঁটি হতো।
এদিকে রানুর ধারণা, তার ভাই কবির হোসেন তার বাড়ির ভাড়াটিয়া এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ছিল বলে গুঞ্জন রয়েছে। মা নুরুন্নাহার হয়তো তাদের মধ্যে অনৈতিক কিছু দেখে ফেলায় তাকে খুন করা হতেও পারে। তবে বিষয়টি এখনো পরিষ্কার নয়।
কবির হোসেন আরও বলেন, পৈত্তিক জমিজমা নিয়ে তিন বোনের সঙ্গে তার কিছুটা মনোমালিন্য ছিল।
তিনি বলেন, আমি সন্ধ্যা ৭টার দিকে আড়াইহাজার পৌরসভা বাজারে অবস্থান করছিলাম। এ সময় আমার মোবাইলে ফোন করে জানানো হয় মায়ের অবস্থা ভালো নেই। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের গলায় একপাশে ধারালো অস্ত্রের আঘাতসহ শ্বাসনালিতে গভীর ক্ষত চিহ্ন ছিল। এ ছাড়াও তার এক হাতের কবজির ওপরের অংশ কাটা ছিল। তার গায়ে থাকা বিভিন্ন স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে।
এ ঘটনায় মৃতের ছেলে কবির হোসেন তার স্ত্রী পারভীন, মেয়ে রানু তার ছেলে আকাশ মৃতের আরেক মেয়ে শাহীনুর ও তার স্বামী রাজু আহমেদকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান মোল্লা বলেন, ‘বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। কিন্তু কে বা কারা এর সঙ্গে জড়িত রয়েছে। তা উদ্ঘাটন করতে একটু সময় লাগবে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের কারণ বের করা সম্ভব হবে।’