যমুনায় ২ ট্রলারের সংঘর্ষে ১৮ গরুর মৃত্যু

সিরাজগঞ্জের কাজিপুরে শ্যালো ইঞ্জিনচালিত বালুবাহী ট্রলারের সঙ্গে গরুবাহী ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ১৮টি গরু মারা গেছে। গত শুক্রবার বিকেলে উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের ডিগ্রিদরতা-জজিরার চর গ্রামের যমুনা নদীতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে বগুড়া জেলার ধুনট উপজেলার গোসাইবাড়ি এলাকা থেকে ব্যবসায়ীরা গরুবোঝাই একটি ট্রলার নিয়ে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পিকনাহাটে নিয়ে যাচ্ছিল। বিকেলে পথে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ওইদিন সন্ধ্যা নাগাদ দুর্ঘটনাকবলিত নৌকা ও ৪টি জীবিত গরু উদ্ধার করে। কাজিপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার ১৮টি গরু মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’