আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দেখানো পথে উদ্বুদ্ধ হয়ে জনগণের পাশে আছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের চিন্তাভাবনা এবং বঙ্গবন্ধু যে কাজগুলো দেখিয়ে গেছেন, তার সে কাজে উদ্বুদ্ধ হয়ে আওয়ামী লীগ জনগণের পাশে থাকার চেষ্টা করছে।
গতকাল শনিবার বিকেলে উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গরিব-দুস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় মানুষের পাশে থাকতেন। তিনি ছোটবেলায় যেদিন থেকে বুঝতে শিখেছেন সেদিন থেকে জনগণের পাশে থেকে অধিকার আদায়ের জন্য কাজ করেছেন। অধিকার কী জিনিস তা তিনি মানুষকে শিখিয়েছেন। অধিকার আদায়ের জন্য আন্দোলন করার জন্য উদ্বুদ্ধ করেছেন। তিনি নিজে নেতৃত্ব দিয়ে জনগণের অধিকার আদায় করে গেছেন।’
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন।’
কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, মোগড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আবদুল মতিন, ধরখার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. সাফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. দানিস খলিফা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল মমিন বাবুল প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।
এর আগে গতকাল সকালে উপজেলার ধরখার ইউনিয়নে আইনমন্ত্রীর নিজস্ব অর্থায়নে ৭০০ দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।