প্রথম টেস্টের সঙ্গে দ্বিতীয় টেস্টের দৃশ্যপটে তফাৎ ব্যাপক। নিউজিল্যান্ড সিরিজ শুরুতে টেস্ট ৫ দিনে নেওয়াকেই সাফল্য ধরা হচ্ছিল। অথচ মাউন্ট মঙ্গানুই ইতিহাসের পর এখন ক্রাইস্টচার্চ জয়ের ভাবনা বাংলাদেশের মনে। টেস্ট ইতিহাসের অন্যতম সেরা অঘটন উপহার দিয়ে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম সিরিজ জয়ের স্বপ্নও দেখছে টাইগাররা। যে সাফল্য নিউজিল্যান্ডের মাটিতে সবশেষ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা, তাও ৫ বছর আগে ২০১৭ সালে। তিন টেস্টের সিরিজে মাত্র ১ ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে নেয় প্রোটিয়ারা। এরপর শ্রীলঙ্কা, ভারত, উইন্ডিজ, ইংল্যান্ড ও পাকিস্তান কোনো দলই এক বা একাধিকবারের চেষ্টায় নিউজিল্যান্ডকে তাদের মাঠে হারাতে ব্যর্থ। এখন সেই অবিশ্বাস্য সাফল্য দেখানোর সম্ভাবনা বাংলাদেশের সামনে। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে এতক্ষণে এক সেশন শেষ হওয়া টেস্টে দারুণ আত্মবিশ্বাস নিয়ে ২-০’র দিকে তাকিয়ে মুমিনুল হকরা।
টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম জয়ের পর প্রথম সিরিজ হাতছানি দিচ্ছে দলকে। এই লক্ষ্যে আজকের টস খুব গুরুত্বপূর্ণ। ক্রাইস্টচার্চ তৈরি তার স্বভাবসুলভ সবুজ পিচ নিয়ে। এই পিচে টস জিতলেই অধিনায়করা বিনা দ্বিধায় বল হাতে তুলে দেন নিজ পেসারদের। এরপর বিপক্ষের ব্যাটসম্যানদের ওপর চলে গতি আর বাউন্সের তা-ব। বাংলাদেশের হয়ে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসা কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘এই ম্যাচে টস খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। পরিসংখ্যান বলছে গত ১০ টেস্টে এখানে বোলিং আগে নেওয়া দল জিতেছে। আমরাও টস জিতলে বোলিং-ই নেব।’ এদিকে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামও একই ভাগ্যে তাকিয়ে। একইসঙ্গে না জিতলেও যে ম্যাচ হারবেন সেটা বিশ্বাস করেন না। কারণ ক্রাইস্টচার্চে গত ৯ টেস্টে হারেনি নিউজিল্যান্ড। আর সিরিজ হার ঠেকাতে বাংলাদেশকে আক্রমণাত্মক ক্রিকেট উপহার দেবেন বলেও হুঙ্কার ছাড়লেন কিউই অধিনায়ক, ‘আমরা দেখেছি যারা এখানে টস জিতে তারা প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। কিন্তু আমি মনে করি না যে টস জিতলেই ম্যাচ জয় হয়ে যায়। আমরা জানি তারা (বাংলাদেশ) আত্মবিশ্বাসী হয়ে হ্যাগলিতে খেলতে আসবে। তবে এখানকার উইকেট মাউন্ট মঙ্গানুই থেকে সম্পূর্ণ আলাদা। আমরা শেষ কয়েক বছর ধরে এখানে দারুণ ক্রিকেট খেলে আসছি। আর আমরা আমাদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই এখানে। সবাই নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে। আমরা প্রস্তুত দারুণ একটা পারফরম্যান্স দিতে।’
নিউজিল্যান্ড যতই হুঙ্কার ছাড়–ক। বাংলাদেশ তাতে ভয় পাচ্ছে না মোটেই। উল্টো জয়ের ছন্দে উদ্বেলিত হয়ে ক্রাইস্টচার্চে নামবে। ডমিঙ্গো জানান দলের ড্রেসিংরুম এখন খুবই ফুরফুরে। ম্যাচের আগের রাতে পার্টিও করেছেন কেক কেটে। সবার মুখে হাসি। অথচ বিশ্বকাপ ব্যর্থতায় আরব আমিরাতে একজন-অপরজনের সঙ্গে কথাও বলছিলেন না। সেই দলের আবহ বদলে এখন একসঙ্গে রাতের খাবার খাচ্ছেন সবাই। নিউজিল্যান্ডে নিজেদের অতীত মুছে দেওয়ার আনন্দ মনভরে উপভোগ করছে পুরো দল। ডমিঙ্গো বলেন এই দলটি এখন আরও বিশেষ কিছু করতে চায়, ‘গত দুই দিন আমাদের জন্য দারুণ ছিল। এই দলটা নিউজিল্যান্ডে এমন ভালো সময় কখনই কাটায়নি। এখন তো নিউজিল্যান্ড বিশ্বের সেরা টেস্ট দল। তাছাড়া সব ফরম্যাট মিলিয়েই তো আমরা বাজে সময় পার করছিলাম। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এমন জয় পাওয়া উৎসব করার মতোই। আমরা সবাই এখন এই টেস্টের জন্য রোমাঞ্চিত। বলতে পারেন মাঠে নামার জন্য আমাদের তর সইছে না। এই গ্রুপটা এখন বিশেষ কিছু করতে চায়, কারণ আমরা এই সুযোগের ব্যাপারে কথা বলেছি দীর্ঘক্ষণ। আমরা জানি এমন সুযোগ পাওয়া কঠিন। আমরা এখন অর্ধেক কাজ করেছি, পুরো কাজ শেষ হয়নি। আমরা নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ জেতা প্রথম বাংলাদেশি দল হতে চাই।’
বাংলাদেশ দলের মধ্যে এই আত্মবিশ্বাস ও সাফল্য এসেছে তারুণ্যের জয়ে। ডমিঙ্গো জানান, অভিজ্ঞরা নিউজিল্যান্ডে অনেকবার এসে হতাশা নিয়ে ফিরেছেন। কিন্তু এই দলটি, দলের তরুণরা সেভাবে ফিরতে চাননি। এই সিরিজ থেকে নিজেদের ক্যারিয়ার গড়ার লক্ষ্যে কিছু করে দেখাতে চেয়েছেন। আত্মবিশ্বাস ও পেস শক্তিতে অন্যরকম এগিয়ে যাওয়ায় এখন নিউজিল্যান্ডকেই হোম মনে করছে বাংলাদেশ। ডমিঙ্গো বলেন, ‘ক্রাইস্টাচার্চেও যে আমরা ভালো খেলব সে ব্যাপারে আমি নিশ্চিত। হয়তো আমাকে অনেকেই পাগল বলতে পারে, তবুও বলব ক্রাইস্টচার্চের কন্ডিশন উল্টো আমাদের সুবিধা দেবে। কারণ আমাদেরও সেরা পেসার আছে। এছাড়া নিউজিল্যান্ড এখন চাপে আছে। ওদের সিরিজে ফিরতেই হবে। অথচ প্রস্তুতির বা ভুল নিয়ে কাজ করার খুব বেশি সময় পায়নি। তাই ঘরের কন্ডিশনেও কিন্তু ওরা চাপে থাকছে। সবমিলিয়ে বলব আমরা পুরো দল হিসেবে এই টেস্টে নামতে মুখিয়ে আছি।’
প্রথম টেস্টের হাফ সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয় নিশ্চিতভাবেই এ ম্যাচে নেই। তার বদলে নাঈম শেখের অভিষেক না আবু জায়েদ রাহির দলে ফেরা সেটা নির্ভর করছে ম্যাচের দিন সকালের সিদ্ধান্তের ওপর। এমনিতেই সবুজ পিচের কারণে পেসাররা সুবিধা পাবেন। তাই রাহি দলে ফিরলে চার পেসার নিয়ে অন্যরকম যুগে পা রাখতে পারে বাংলাদেশ।