চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুন লঞ্চে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন লঞ্চের কর্মীরা।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে মতলব উত্তরের মোহনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, এমভি সুরভী-৯ নামের লঞ্চটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। রাত ১২টার দিকে মোহনপুর এলাকা অতিক্রমকালে লঞ্চের ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। এ সময় লঞ্চে থাকা শত শত যাত্রীর মধ্যে আতঙ্ক দেখা দেয়। লঞ্চের স্টাফদের প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি, প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি।
বিআইডব্লিউটিএ’র চাঁদপুরস্থ বন্দর কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম রাত সাড়ে ১২টায় গণমাধ্যমকে জানান, বর্তমানে লঞ্চটি মোহনপুর এলাকায় নোঙর করে রাখা হয়েছে। যাত্রীরা নিরাপদে আছেন। তবে ফের দুর্ঘটনার আশঙ্কা থেকে লঞ্চটি আপাতত বরিশাল যেতে দেওয়া হবে না। যাত্রীদের অন্য কোনো লঞ্চে করে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।