ইনিংসের শুরুতে উইল ইয়ংয়ের সঙ্গে ১৪৮ রানের ওপেনিং জুটি। এরপর ডেভন কনওয়ের সঙ্গে আরেকটি দেড়শ’ পেরোনো জুটি গড়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহের পথে নিয়ে যাচ্ছেন অধিনায়ক টম লাথাম।
ক্রাইস্টচার্চের সবুজ উইকেট পেস বান্ধব মনে করা হলেও বাংলাদেশি পেসারদের নির্বিষ বানিয়ে ফেলেছে নিউজিল্যান্ড। হ্যাগলি ওভালে প্রথম দিনের তৃতীয় সেশনের খেলা চলছে। তাতে বাংলাদেশের শিকার এখন পর্যন্ত এক উইকেট।
টস হেরে কিউইরা প্রথম ইনিংস শুরু করে ইয়ংকে হারিয়ে স্কোরবোর্ডে জমা করেছে ৩০০ রান। ব্যাটিংয়ে আছেন লাথাম (১৬৯) ও কনওয়ে (৭০)।
দিনের শুরু থেকে সফরকারী বোলারদের হতাশা উপহার দেন দুই ওপেনার লাথাম ও ইয়ং। দুজনের ১৪৮ রানের জুটি ভাঙেন পেসার শরিফুল ইসলাম। তার মধ্যে ফিফটি তুলে নেন ইয়ং (৫৪)। আর ১২তম টেস্ট সেঞ্চুরির দেখা পান লাথাম।
দুই সিরিজের শেষ টেস্টে বাংলাদেশ মাঠে নেমেছে একাদশে দুই পরিবর্তন নিয়ে। চোটের কারণে নেই মুশফিকুর রহিম ও মাহমুদুল হাসান জয়। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন ওপেনার নাঈম শেখ ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।
মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।