চমৎকার এক দিন কাটল নিউজিল্যান্ডের। ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে মাত্র এক উইকেট হারিয়ে ৩৪৯ রান করেছে কিউইরা।
হ্যাগলি ওভালের সবুজ উইকেটের সুবিধা নেওয়ার আশায় টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। কিন্তু অধিনায়ক মুমিনুল হকের সিদ্ধান্ত ফলপ্রসূ হয়নি। ঘাসের উইকেটে স্বাগতিক ব্যাটারদের বিপদে ফেলতে পারেননি টাইগার পেসাররা।
সকালের সেশনে দু’বার এলবিডব্লিউর আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার আঙুল তুললেও দু’বারই ডিআরএস নিয়ে বেঁচে যান অধিনায়ক টম লাথাম। আর তার ব্যাটে ভর করেই স্বস্তিতে দিন করল নিউজিল্যান্ড।
প্রথম ইনিংস শুরু করে উইল ইয়ংয়ের (৫৪) সঙ্গে ১৪৮ রানের ওপেনিং জুটি। এরপর ডেভন কনওয়েকে নিয়ে ২০১* রানের অনবদ্য জুটিতে টাইগার বোলারদের হতাশা উপহার দিলেন লাথাম। কিউই ওপেনার ১২তম টেস্ট সেঞ্চুরি পাওয়ার পাশাপাশি খেলেছেন ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস।
২৭৮ বলে অপরাজিত ১৮৬ রানের ইনিংস খেলার পথে ২৮টি চার মেরেছেন লাথাম। সেঞ্চুরির দ্বারপ্রান্তে আছেন কনওয়েও। ৯৯ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন সিরিজের প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান।
নিউজিল্যান্ডের একমাত্র উইকেট হিসেবে ইয়ংকে সাজঘরে ফেরান পেসার শরিফুল ইসলাম। আউট হওয়ার আগে কিউই ওপেনারও পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ও টানা তৃতীয় টেস্ট ফিফটি।
দুই সিরিজের শেষ টেস্টে বাংলাদেশ মাঠে নেমেছে একাদশে দুই পরিবর্তন নিয়ে। চোটের কারণে নেই মুশফিকুর রহিম ও মাহমুদুল হাসান জয়। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন ওপেনার নাঈম শেখ ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।
মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।