তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালত এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। জরিমানার এ অর্থ পরিশোধ না করলে আরও তিন মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে আসামিকে।
আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই রবিবার দুপুরে এ রায় ঘোষণা করেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. সুমন ওরফে আবদুল মতিন ওরফে শুভ (২৪)। তিনি নওগাঁর সদর উপজেলার চকপ্রসাদ মোল্লাপাড়া গ্রামের মোতালেব মোল্লার ছেলে। বাবার নাম মোতালেব মোল্লা।
এ মামলার বাদীর নাম শহিদুল ইসলাম। নওগাঁর রাণীনগর উপজেলার পুজাইল গ্রামে তার বাড়ি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় ২০১৬ সালের ২৬ জুলাই তিনি রাণীনগর থানায় আসামি সুমনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ২০১৬ সালের ৭ জুলাই আসামি শুভ নিজেকে উগ্র ও জঙ্গি দলের সদস্য পরিচয় দিয়ে বাদীর ভাতিজিকে একটি এসএমএস পাঠান। এতে সুমন তাদের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন। এ ছাড়া বাড়িতে অবৈধ অস্ত্র রেখে বিপদে ফেলারও হুমকি দেন তিনি।
এ নিয়ে শহিদুল ইসলাম থানায় মামলা করেন। পুলিশ তদন্ত করে সুমনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এরপর নয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রোববার এ রায় ঘোষণা করলেন।